ম্যাজিস্ট্রেটসহ ৪০ জন পেটের পীড়ায় আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহবাগে অবস্থিত বিসিএস প্রশাসন একাডেমীতে খাবার খেয়ে গতকাল মঙ্গলবার প্রশিক্ষণার্থী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তা-কর্মচারীসহ অন্তত ৪০ জন পেটের পীড়ায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সাতজন ম্যাজিস্ট্রেট ও পাঁচজন কর্মকর্তা-কর্মচারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জানতে চাইলে বিসিএস প্রশাসন একাডেমীর রেক্টর সোহরাব হোসাইন বলেন, ‘বেলা ১১টার দিকে বাইরে থেকে আনা স্যান্ডউইচ খেয়ে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ যাঁরা এই স্যান্ডউইচ খাননি কিন্তু শুধু দুপুরের খাবার খেয়েছেন কিংবা বিকেলে অন্য খাবার খেয়েছেন, তাঁদের এ সমস্যা হয়নি।’
একাডেমীর সূত্র জানায়, বিকেলের দিকে প্রথমে কয়েকজন প্রশিক্ষণার্থীসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটের পেটব্যথা শুরু হয়। এর মধ্যে কারও কারও পাতলা পায়খানা হয়। পরে পর্যায়ক্রমে অন্যদেরও এ সমস্যা দেখা দেয়।
রেক্টর জানান, ঘটনার পরপরই কোনো রকম ঝুঁকি না নিয়ে যাঁদের একটু বেশি সমস্যা, তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের একডেমীর চিকিৎসকদের দিয়ে চিকিৎসা দেওয়া হয়।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক উম্মে সালমা সাংবাদিকদের বলেন, চিকিৎসা শেষে অসুস্থ ১২ জনের মধ্যে নয়জন হাসপাতাল থেকে চলে গেছেন। খাবারে বিষক্রিয়ার কারণে তাঁরা অসুস্থ হয়েছিলেন।