বাকিতে সওদা না দেওয়ায় ভেজালবিরোধী অভিযান চালিয়ে এক মুদি দোকানিকে ৭৫ হাজার টাকা জরিমানা করার অভিযোগ উঠেছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে। বিভাগীয় কমিশনার ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, দায়ী ম্যাজিস্ট্রেটকে গতকাল সোমবার জামালপুরে বদলি করা হয়েছে। এ ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জ শহরের খানপুরে।অনুসন্ধানে জানা গেছে, খানপুর এলাকায় পৌর মার্কেটে সততা জেনারেল স্টোর নামের একটি মুদি দোকানের মালিক রেজাউল ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগে জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাহ গুল তাঁর দোকানের বিপরীতে সরকারি কোয়ার্টারে বসবাস করেন। তাঁর স্বামী ডা. কে এম শফিকুজ্জামান শহরের মণ্ডলপাড়ায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক। ম্যাজিস্ট্রেট ও তাঁর চিকিৎসক স্বামীর কথা বলে তাঁদের বাসার গৃহপরিচারিকা ওই দোকানে বাকিতে সওদা চায়। গৃহপরিচারিকাকে বিশ্বাস না হওয়ায় তিনি বাকি দেননি। এরপর ডা. শফিক তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন।এরপর গত ২২ মার্চ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাহ গুলের ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত তাঁর দোকানে অভিযান চালান। মেয়াদোত্তীর্ণ পণ্য ও বিএসটিআইয়ের সিলবিহীন পণ্য রাখার অভিযোগে তাঁকে ৭৫ হাজার টাকা জরিমানা করেন। তাঁর দাবি, বাকিতে সওদা না দেওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষিপ্ত হয়ে উদ্দেশ্যমূলকভাবে ব্যক্তিগত আক্রোশে ভেজালবিরোধী অভিযানের নামে ওই জরিমানা আদায় করেছেন। মাসিক ছয় হাজার টাকা ভাড়ায় তিনি এই ছোট্ট দোকানটি চালিয়ে পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করেন। তাঁর দোকানে পুঁজি মাত্র ৩০-৪০ হাজার টাকা। অথচ তাঁর কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে ৭৫ হাজার টাকা।