অতিরিক্ত জেলা হাকিমের সই জাল করে ব্যাংক থেকে এক লাখ ১৯ হাজার টাকা উত্তোলনসহ বিদ্যালয় তহবিলের সাড়ে ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে চট্টগ্রামের চান্দগাঁওয়ের আবদুল হামিদ সওদাগর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. আরেফুল ইসলামের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে গত ২৯ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা করেছে। যাঁর সই জাল করে ব্যাংক থেকে টাকা তোলা হয়, তিনি অতিরিক্ত জেলা হাকিম এ বি এম আজাদ। বর্তমানে তিনি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের সচিব। তিনি জেলা হাকিম হিসেবে তখন ২০০৯ সালে পদাধিকারবলে ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন। সভাপতি ও প্রধান শিক্ষকের যৌথ স্বাক্ষরে সোনালী ব্যাংক চকবাজার শাখায় স্কুলের একটি সঞ্চয়ী হিসাব (নং-৬৫০৬) রয়েছে। ওই হিসাব থেকে চেক দিয়ে ২০০৯ সালের ৩ সেপ্টেম্বর ৫৮ হাজার ৪০০ টাকা ও ৮ সেপ্টেম্বর ৬০ হাজার ৬০০ টাকা উত্তোলন করা হয়। কিন্তু সংশ্লিষ্ট চেক দুটিতে (চেক নং-৮০২৬৮৭০ ও ৭১৮০৩৯৫) প্রধান শিক্ষকের সই থাকলেও এ বি এম আজাদের স্বাক্ষরটি জাল ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করতে গিয়ে দুদকের সন্দেহ হয়। এরপর মামলায় আরেফুল ইসলামের পাশাপাশি সংশ্লিষ্ট সোনালী ব্যাংক চকবাজার শাখার কর্মকর্তা কামাল উদ্দিনকেও আসামি করা হয়। এর পর দুদকের উপসহকারী পরিচালক মো. খলিলুর রহমান সিকদার বাদী হয়ে চান্দগাঁও থানায় একটি মামলা করেন। এ প্রসঙ্গে জানতে চাইলে খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে বিষয়টি তদন্ত করি। তাতে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এর পর মামলা করি। মামলাটি তদন্তের নির্দেশ এখনো ঢাকা থেকে আসেনি। তবে এটি তদন্ত করা হবে।’ তিনি আরও বলেন, ‘খালি চোখেই বোঝা যায়, চেকে এ বি এম আজাদ সাহেবের যে স্বাক্ষর রয়েছে তা জাল। তাঁর মূল সইয়ের সঙ্গে এটা মেলে না। এ ছাড়া আমি চেকের ফটোকপি দুটি আজাদ সাহেবকে দেখিয়েছি। তিনি বলেছেন এগুলো তাঁর সই নয়।’ এ প্রসঙ্গে জানতে চাইলে বর্তমানে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের সচিব এ বি এম আজাদ প্রথম আলোকে বলেন, ‘ওই সই আমার নয়। প্রধান শিক্ষক আমার সই জাল করেছেন। এ ব্যাপারে আমি দুদকে সাক্ষ্যও দিয়েছি। তিনি শিক্ষক নামের কলঙ্ক। তাঁর পেছনে আরও কিছু টাউট লোকজন রয়েছে।’ অনুসন্ধানে জানা গেছে, চেকে স্বাক্ষর জালিয়াতি ছাড়াও ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত বিভিন্ন ছলচাতুরিতে ওই স্কুল তহবিল থেকে প্রায় সাড়ে ১৪ লাখ টাকা উঠিয়ে আত্মসাৎ করেছেন ওই শিক্ষক। দুদকও এ-সংক্রান্ত প্রাথমিক প্রমাণ পেয়েছে বলে জানা গেছে। মামলার এজাহারে বলা হয়, স্কুলের সঞ্চয়ী হিসাব নম্বরে জমা দেওয়ার জন্য বিদ্যালয়ের সাধারণ তহবিল থেকে পাঁচ কিস্তিতে ১৪ লাখ ৪৬ হাজার ৬৭ টাকা নেওয়া হলেও তা জমা হয়নি। প্রধান শিক্ষক আরেফুল ইসলাম এ টাকা জমা দেওয়ার দায়িত্বে ছিলেন। অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে আরেফুল ইসলাম বলেন, ‘স্কুলের অর্থ আত্মসাতের যে কথা বলা হচ্ছে তা ষড়যন্ত্রমূলক। এটা হলে প্রথমে পরিচালনা কমিটিই ধরত। দুদকের দরকার হতো না। আর যেসব চেকের কথা বলা হচ্ছে সেগুলো আগের। এই অভিযোগের সবই ভুয়া। ওই চেকে আজাদ সাহেবই স্বাক্ষর করেছিলেন। তিনি একেক সময় একেক ধরনের স্বাক্ষর করতেন।’