ম্যাটস কোর্স চালুর অনুমতি পেল আইএইচটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর মেয়াদি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (ম্যাটস) কোর্স চালুর অনুমতি পেয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি)। গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনের চিঠি পেয়েছে আইএইচটি কর্তৃপক্ষ।
আইএইচটি কর্তৃপক্ষ জানায়, ম্যাটস কোর্স চালুর জন্য গত বছরের ফেব্রুয়ারিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে গত বছরের জুনে স্বাস্থ্য অধিদপ্তরের একটি প্রতিনিধিদল ইনস্টিটিউট পরিদর্শন করে। ওই বছরের ৩০ জুন ইনস্টিটিউটে ম্যাটস কোর্স চালুর জন্য মন্ত্রণালয়ে সুপারিশ করে প্রতিনিধিদল।
আইএইচটির অধ্যক্ষ মোহাম্মদ আলী গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘আজ (সোমবার) ম্যাটস কোর্স চালুর ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনের চিঠি হাতে পেয়েছি। চট্টগ্রাম জেলায় এখানেই প্রথম সরকারিভাবে ম্যাটস কোর্স চালুর অনুমোদন দেওয়া হয়েছে।’ তিনি জানান, খুব শিগগির এই কোর্সে ৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তবে তাদের অবশ্যই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হতে হবে।
অধ্যক্ষ বলেন, সরকার কর্তৃক প্রতিষ্ঠিত ১৩ হাজার ৫০০টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে অনেকগুলোতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদ শূন্য রয়েছে। এই কোর্সে পড়ালেখা করে শিক্ষার্থীরা দক্ষ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হয়ে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।
নগরের ফিরিঙ্গিবাজারে ২০০৩ সালে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির যাত্রা শুরু হয়।