ম্যাটস শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন

ম্যাটস শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (বিডিএমএসএ)।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ রোববার বেলা ১১টার দিকে বিডিএমএসএ এই প্রতিবাদী মানববন্ধন করে।
বেসরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীদের একটি সংগঠন বিডিএমএসএ।
মানববন্ধনে বিডিএমএসএর সভাপতি মুরাদ হোসেন বলেন, ২৬ এপ্রিল চার দফা দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেন বেসরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। এ সময় নোয়াখালী, বাগেরহাট, বগুড়া ও রাজশাহীতে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় পুলিশ। এতে শতাধিক শিক্ষার্থী আহত হন। এখনো ৪৫ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি আছেন।
পুলিশি হামলার নিন্দা জানিয়ে মুরাদ হোসেন বলেন, ‘আমরা প্রশাসনের শত্রু নই। কারও বিপক্ষে এই আন্দোলন নয়। এটা আমাদের দাবি আদায়ের আন্দোলন।’
বিডিএমএসএর মানববন্ধনে ফের উচ্চশিক্ষাসহ চার দফা দাবি তুলে ধরা হয়।
মানববন্ধনে বলা হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
বিডিএমএসএর সাধারণ সম্পাদক সোহেল খন্দকার ফাহিম বলেন, দাবি আদায় না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।