ম্যাডিসন মিডিয়ার সঙ্গে যুক্ত হলো মিডিয়াকম
ভারতের বিজ্ঞাপনী প্রতিষ্ঠান ম্যাডিসন মিডিয়ার সঙ্গে যুক্ত হলো বাংলাদেশের বিজ্ঞাপনী প্রতিষ্ঠান মিডিয়াকম লিমিটেড। রাজধানীর গুলশানে এক অভিজাত হোটেলে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দুই শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করার অঙ্গীকার করে।
অনুষ্ঠান থেকে বলা হয়, এই কাজ করা শুরুর মধ্য দিয়ে মিডিয়াকম তার ক্লায়েন্টদের জন্য ম্যাডিসন মিডিয়ার অপারেটিং সফটওয়্যারসহ প্রচারণার বিভিন্ন কৌশল ব্যবহার করবে। পাশাপাশি বাংলাদেশ এবং ভারতে মিডিয়াকম কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে ম্যাডিসন।
অনুষ্ঠানে মিডিয়াকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী বলেন, এই সংযুক্তির ফলে মিডিয়াকম বিশ্বমানের মিডিয়া প্ল্যানিং টুল ও রিসোর্সেস ব্যবহার করে তা দেশের বাজারে নিয়ে আসতে পারবে। এতে ব্যবসায়ীরা গণমাধ্যমে বিনিয়োগের পর সর্বোচ্চটা ফেরত পাবেন।
ম্যাডিসন মিডিয়ার পক্ষে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান স্যাম বালসারা। তিনি বলেন, গণমাধ্যমে জটিল বিনিয়োগে তাঁদের দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে মিডিয়াকমকে সব সহযোগিতা দেওয়া হবে।