ম্যানগ্রোভ বন কাটা বন্ধে পদক্ষেপ নিতে আদালতের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগরের ম্যানগ্রোভ (শ্বাসমূলীয়) বন কাটা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর অবকাশকালীন বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানির পর গতকাল বুধবার রুলসহ এ আদেশ দেন।
‘শ্যামনগরে তিনটি উপকূলীয় নদীর ১২শ একর চর ভূমিদস্যুদের দখলে, চিংড়ির বলি ম্যানগ্রোভ বন৷৷ নীরব প্রশাসন’ শিরোনামে ২০ এপ্রিল নয়াবার্তা নামের একটি সাপ্তাহিক পত্রিকায় প্রতিবেদন ছাপা হয়। এটা যুক্ত করে একটি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী হুমায়ূন কবীর গত সোমবার রিটটি করেন। রিটে ভূমিসচিব, বন ও পরিবেশসচিব, পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক, প্রধান বনসংরক্ষক, খুলনার বিভাগীয় বন কর্মকর্তা, সাতক্ষীরার জেলা প্রশাসকসহ ১২ জনকে বিবাদী করা হয়। গতকাল শুনানি নিয়ে আদালত রুলও দেন৷ রুলে শ্যামনগরের উপকূলীয় ভূমি, ম্যানগ্রোভ বন ও বাঁধ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়৷