ম্যানহোল পরিষ্কার করতে নেমে দুজনের মৃত্যু
রাজধানীর মুগদা থানায় গতকাল শুক্রবার ম্যানহোল পরিষ্কার করতে নেমে দুই পরিচ্ছন্নতাকর্মী মারা গেছেন। তাঁরা হলেন নূরু হাওলাদার (৬০) ও দিল মোহাম্মদ (৫৮)।
সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে মুগদা এলাকায় ম্যানহোল পরিষ্কার করা হচ্ছিল। বেলা তিনটার দিকে মানিকনগর মডেল স্কুলসংলগ্ন জিলানি খাল নামক স্থানে ম্যানহোলে দুই পরিচ্ছন্নতাকর্মী নূরু ও দিল মোহাম্মদ নামেন। ম্যানহোলে নামার পর তাঁরা ভেতরের ড্রেনে ঢোকেন। কিন্তু অনেকক্ষণ পরও তাঁরা বেরিয়ে না আসায় আরেকজন নিচে নেমে দেখেন, ওই দুজন অচেতন অবস্থায় পড়ে আছেন। ভেতরে বিষাক্ত গ্যাসের গন্ধের কারণে ওই ব্যক্তি দ্রুত ওপরে উঠে আসেন। পরে পুলিশ, র্যাব ও স্থানীয় লোকজন অচেতন দুই পরিচ্ছন্নতাকর্মীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁদের দুজনকে মৃত ঘোষণা করেন।
মুগদা থানার ওসি মুস্তাফিজুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, বিষাক্ত গ্যাসে ওই দুই পরিচ্ছন্নতাকর্মী মারা গেছেন।