ম্যানহোল সারাতে '১৬১৬২' নম্বরে ফোনের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ক্ষতিগ্রস্ত ঢাকনাবিহীন ম্যানহোলের বিষয়ে তথ্য জানাতে ‘১৬১৬২’ নম্বরে ফোন করতে বলেছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোশাররফ হোসেন। এই নম্বরে ফোন করা হলে দ্রুত ক্ষতিগ্রস্ত ম্যানহোল মেরামত করা হবে।

আজ বুধবার জাতীয় সংসদে নূরজাহান বেগমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

প্রশ্নোত্তরের আগে বিকেল পৌনে পাঁচটায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। এরপর নির্ধারিত প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

মোশাররফ হোসেন বলেন, রাজধানীর অধিকাংশ ম্যানহোল ওয়াসার নিয়ন্ত্রণাধীন। ম্যানহোলের সংখ্যা প্রায় ৪০ হাজার। এর মধ্যে ড্রেনেজ লাইনের ওপর প্রায় ১১ হাজার এবং পয়োনিষ্কাশন লাইনের ওপর প্রায় ২৯ হাজার ম্যানহোল রয়েছে। ঢাকানাবিহীন ম্যানহোল মেরামত করা ঢাকা ওয়াসা ও ঢাকার দুই সিটি করপোরেশনের নিয়মিত কাজ। এ জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলরদের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। কমিটি ঢাকনাবিহীন ম্যানহোলের তথ্য প্রতিদিন সিটি করপোরেশনকে অভিহিত করে।

সরকারি দলের মুহিবুর রহমানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় দেশের ২২ লাখ দরিদ্র পরিবারের এক কোটি নিম্ন আয়ের জনগোষ্ঠী উপকৃত হচ্ছে। এই প্রকল্পের আওতায় দেশের ৬৪টি জেলার ৪৮৫টি উপজেলার চার হাজার ৫০৩টি ইউনিয়নের মোট ৪০ হাজার ৫২৭টি ওয়ার্ডের ৪০ হাজার ৪২৭টি গ্রামকে আওতাভুক্ত করা হয়েছে।

গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন বলেন, রাজধানী ঢাকায় পানির চাহিদা দৈনিক ২২০ থেকে ২৩০ কোটি লিটার। বর্তমানে ওয়াসার উৎপাদনÿক্ষমতা ২৪২ কোটি লিটার।

নূর-ই-হাসনা লিলি চৌধুরীর প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল এবং স্বেচ্ছাধীন তহবিল থেকে ২০১৫ সালের জুলাই থেকে গত জানুয়ারি পর্যন্ত তিন হাজার ১৩০ জনকে মোট ২৪ কোটি ১০ লাখ ৪২ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। অসহায় মানুষের চিকিৎসার জন্য এই সাহায্য দেওয়া হয়।