ম্যানহোল খোলা ঘটছে দুর্ঘটনা
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকার সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের সামনে তিতাসের সরবরাহ লাইনের একটি ম্যানহোলের ঢাকনা দীর্ঘদিন ধরে আলগা হয়ে রয়েছে। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
সড়ক ও জনপদ (সওজ) বিভাগ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার তিতাস গ্যাসের সরবরাহ লাইনের পাইপ মহাসড়কের ওপর দিয়ে গাজীপুরের দিকে গেছে। সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের সামনের রাস্তায় তিতাসের লাইনের ম্যানহোলের ঢাকনাটি দীর্ঘদিন আলগা হয়ে রয়েছে। আলগা ঢাকনার ওপর দিয়ে ভারী যানবাহন চলাচলের কারণে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এই অবস্থায় যানবাহনের চাকা ঢাকনার ওপর উঠলেই তা লাফিয়ে ওঠে এবং চাকা গর্তে পড়ে যায়। এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে। বড় যানবাহন সামলে উঠলেও রিকশা ও মোটরসাইকেল প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হচ্ছে। এলাকাবাসী ম্যানহোলটি মেরামতের দাবি জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে সওজের টঙ্গী উপবিভাগের একজন প্রকৌশলী জানান, তিতাস কর্তৃপক্ষকে বারবার বলার পরও তারা এটি মেরামত করছে না। তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানির টঙ্গী অঞ্চলের ব্যবস্থাপক সহরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।