ম্যানহোল সারাতে ফোন করুন ১৬১৬২ নম্বরে
ঢাকার ক্ষতিগ্রস্ত ঢাকনাবিহীন ম্যানহোলের বিষয়ে তথ্য জানাতে ‘১৬১৬২’ নম্বরে ফোন করতে বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোশাররফ হোসেন। এই নম্বরে ফোন করা হলে দ্রুত ক্ষতিগ্রস্ত ম্যানহোল মেরামত করা হবে। গতকাল বুধবার সংসদে নূরজাহান বেগমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেছেন।
মোশাররফ হোসেন বলেন, রাজধানীর অধিকাংশ ম্যানহোল ওয়াসার নিয়ন্ত্রণাধীন। ম্যানহোলের সংখ্যা প্রায় ৪০ হাজার। এর মধ্যে ড্রেনেজ লাইনের ওপর প্রায় ১১ হাজার এবং পয়োনিষ্কাশন লাইনের ওপর প্রায় ২৯ হাজার ম্যানহোল রয়েছে। ঢাকনাবিহীন ম্যানহোল মেরামত করা ঢাকা ওয়াসা ও ঢাকার দুটি সিটি করপোরেশনের নিয়মিত কাজ। এ জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলরদের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। কমিটি ঢাকনাবিহীন ম্যানহোলের তথ্য প্রতিদিন সিটি করপোরেশনকে অভিহিত করে।
গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন বলেন, রাজধানী ঢাকায় পানির চাহিদা দৈনিক ২২০ থেকে ২৩০ কোটি লিটার। বর্তমানে ওয়াসার উৎপাদন ক্ষমতা ২৪২ কোটি লিটার।
নূর-ই-হাসনা লিলি চৌধুরীর প্রশ্নের জবাবে সংসদ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল এবং স্বেচ্ছাধীন তহবিল থেকে ২০১৫ সালের জুলাই থেকে গত জানুয়ারি পর্যন্ত ৩ হাজার ১৩০ জনকে মোট ২৪ কোটি ১০ লাখ ৪২ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। অসহায় মানুষের চিকিৎসার জন্য এই সাহায্য দেওয়া হয়।