ম্যানহোলে পড়ে ব্যক্তির মৃত্যু: ৫০ লাখ পেল পরিবার

রাজধানীর পল্টনে কালভার্ট রোডে ঢাকা ওয়াসার খোলা ম্যানহোলে পড়ে মৃত ব্যক্তির পরিবারকে ২৫ লাখ টাকা করে ৫০ লাখ টাকা পরিশোধ করেছে ওয়াসা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
সর্বোচ্চ আদালতের দেওয়া নির্দেশনা অনুসারে অর্থ পরিশোধের বিষয়টি ওয়াসা কর্তৃপক্ষ আজ রোববার আদালতকে জানায়। এর পরিপ্রেক্ষিতে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ-সংক্রান্ত রুল নিষ্পত্তি করে দিয়েছেন।
এর আগে ১৪ মে ডিএসসিসি আদালতকে জানায়, ২৫ লাখ টাকা পরিশোধ করেছে। সেদিন শুনানি নিয়ে আদালত মৃত ব্যক্তির পরিবারকে অর্থ পরিশোধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে জানাতে নির্দেশ দিয়ে ২১ মে আদেশের জন্য দিন রাখেন। এর ধারাবাহিকতায় আজ বিষয়টি ওঠে।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস ও সহকারী অ্যাটর্নি জেনারেল টাইটাস হিল্লোল রেমা। ওয়াসার পক্ষে ছিলেন আইনজীবী রিমি নাহরীণ।
পরে রিমি নাহরীণ প্রথম আলোকে বলেন, মৃত শানু মিয়ার পরিবারের সদস্যদের মুসলিম শরিয়াহ আইন অনুসারে ২৫ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। ২৫ লাখ টাকার মধ্যে তাঁর ছেলে উজ্জ্বল হোসেন ১৪ লাখ ৫৮ হাজার ৩৩৩ টাকা ৩৩ পয়সা, মেয়ে শারমিন আক্তার মিলি সাত লাখ ২৯ হাজার ১৬৬ টাকা ৬৭ পয়সা এবং স্ত্রী জ্যোস্না বেগমকে ৩ লাখ ১২ হাজার ৫০০ টাকা পরিশোধ করা হয়েছে।
পরে তাপস কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, হাইকোর্ট কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে এজাহার করতে নির্দেশ দিয়েছিলেন। এর বিরুদ্ধে কয়েকজন আপিল বিভাগে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে গত ৩০ মার্চ আপিল বিভাগ এজাহার করার অংশটুকু বাদ দিয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তির পরিবারকে ৫০ লাখ দিতে নির্দেশ দেন। ওয়াসা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে ২৫ লাখ টাকা করে দিতে বলা হয়। সিটি করপোরেশন আদেশ অনুসারে ২৫ লাখ টাকা দিয়েছে বলে ইতিপূর্বে জানায়। বাকি ২৫ লাখ টাকা ওয়াসা কর্তৃপক্ষ দিয়েছে বলে জানিয়েছে। এ হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবার ৫০ লাখ টাকা পেয়েছে। আদালত রুল নিষ্পত্তি করে দিয়েছেন।
‘পল্টনে খোলা ম্যানহোলে পড়ে এক ব্যক্তির মৃত্যু’ শিরোনামে ৭ মার্চ প্রথম আলোতে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদন বিবেচনায় নিয়ে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত রুলসহ ব্যাখ্যা জানাতে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) আদালতে হাজির হতে নির্দেশ দেন। ধার্য তারিখে ১৯ মার্চ তাঁরা আদালতে হাজির হন। সেদিন শুনানি নিয়ে হাইকোর্ট সাতজনের বিরুদ্ধে মামলা করতে নির্দেশ দেন। এ ছাড়া নিহত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দিতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা ওয়াসা ও ডিএসসিসিকে জানাতে বলে ৯ মে আদেশের জন্য রাখেন। এরপর ১৪ মে বিষয়টি ওঠে।