ম্যানহোলের ঢাকনা কেন বসেনি জানতে চাইলেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের ফুটপাতগুলোর ম্যানহোলের ঢাকনা খোলা বা নষ্ট হয়ে যাওয়ার পরও কেন তা মেরামত বা নতুন করে ঢাকনা বসানো সম্ভব হয়নি তা জানতে রুল জারি করেছেন আদালত। একই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেন দায়িত্বে অবহেলার কারণে ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জাহিদুল ইসলাম গতকাল বুধবার স্বতঃপ্রণোদিত হয়ে এই রুল জারি করেন। রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ও ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলরকে ২০ মার্চ আদালতে হাজির হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখা দিতে বলা হয়েছে।
রুলে বিচারক জাহিদুল ইসলাম উল্লেখ করেন, নগরের রাজপাড়া থানার টিভি সেন্টারের সামনে দিয়ে সিঅ্যান্ডবি মোড়ের দিকে যাওয়ার পথে রাস্তার উত্তর পাশের ফুটপাতসহ রাজশাহী নগরের বিভিন্ন জায়গায় ফুটপাত বেশ কয়েক মাস ধরে পথচারীদের হেঁটে চলার ক্ষেত্রে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। বেশ কিছু জায়গায় ম্যানহোলের ঢাকনা নেই এবং কিছু জায়গায় ঢাকনা ভাঙা অবস্থায় আছে।
আশঙ্কা প্রকাশ করে রুলে আরও বলা হয়, ‘উল্লিখিত স্থানে যেকোনো সময়ে লোকজন বা শিশু পড়ে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।’ ঢাকার কমলাপুরে শিশু জিহাদ নির্মাণাধীন একটি ভবনের পাশে খোলা পাইপের ভেতর পড়ে গিয়ে মারা গিয়েছিল। যার পরিপ্রেক্ষিতে দণ্ডবিধি ৩০৪ ধারার দ্বিতীয় অংশ অনুযায়ী বেশ কয়েকজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার দায়িত্বে অবহেলার কারণে সাজা হয়েছে মনে করিয়ে দিয়ে এতে আরও বলা হয়, ‘উল্লিখিত স্থানে কেউ কোনো দুর্ঘটনার শিকার হলে তার দায় কোনোভাবেই সংশ্লিষ্টরা এড়াতে পারেন না।’
রুলে রাজশাহী নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সংশ্লিষ্ট ব্যক্তি বরাবর এই আদেশ জারি করে ১৫ মার্চের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে।