ইন্টারনেটনির্ভর প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রাজধানীর পুলিশ কর্মকর্তাদের ফোন করে ও খুদে বার্তা দিয়ে হুমকি ও বিরক্ত করার ঘটনা ঘটেছে। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে সম্ভাবনা এবং একই সঙ্গে নিরাপত্তা ঝুঁকি। এই ঝুঁকি মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। গতকাল বৃহস্পতিবার পুলিশ কর্মকর্তাদের জন্য একটি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ। বেনজির আহমেদ বলেন, ‘এখন ম্যানুয়াল পুলিশিংয়ের দিন শেষ।’
রাজধানীর একটি হোটেলে ‘সাইবার ক্রাইম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের প্রয়োগ’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে ইনসাইট বাংলাদেশ ফাউন্ডেশন। পুলিশের ২০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা এতে অংশ নেন। বেনজীর আহমেদ বলেন, ইন্টারনেটের ব্যবহার যত বাড়ছে, তত বেশি এর ঝুঁকির ক্ষেত্র তৈরি হচ্ছে। সম্প্রতি বাঁশের কেল্লা বা নিউ বাঁশের কেল্লা (জামায়াত-শিবিরের ফেসবুক পাতা) সাইটের মাধ্যমে পুলিশের ওপর কীভাবে হামলা করতে হবে, বোমা কীভাবে তৈরি করতে হবে—এসব তথ্য ছড়ানো হচ্ছে। শুধু পুলিশই নয়, প্রধানমন্ত্রীও এই সাইবার ক্রাইমের শিকার হয়েছেন। তরুণী-কিশোরীদের ছবি ফটোশপে বিকৃত করে মিথ্যা তথ্য দিয়ে ফেসবুকে ছেড়ে সামাজিকভাবে হেয় করা হচ্ছে। ইন্টারনেটে বসে ব্যাংক-ক্রেডিট কার্ড জালিয়াতি করা হচ্ছে।
কমিশনার আরও বলেন, গত ২৪ অক্টোবর সারা রাত ডিএমপির ওসি থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মুঠোফোনে খুদে বার্তা ও কল করে হুমকি দেওয়া হয়েছে। স্মার্টফোনের স্ক্রিনলক ম্যাসেজ এসেছে, যা না পড়লে মোবাইল ব্যবহার করা যাবে না। গত পাঁচ মে মতিঝিলে অপারেশন শাপলা (হেফাজতের নেতা-কর্মীদের মতিঝিলের শাপলা চত্বর থেকে হটাতে অভিযান) নিয়ে ফটোশপে কাজ করে মিথ্যা ও বিকৃত তথ্য ছড়ানো হয়েছে।
গত বুধবার ডিএমপি সদর দপ্তরে দেশেরই চার উদ্ভাবকের তৈরি করা একটি চালকবিহীন উড়োযান বা ড্রোন পরীক্ষামূলকভাবে ওড়ানো হয়। ড্রোন ওড়ানো প্রদর্শনীর পরে ঢাকার নজরদারিতে ড্রোন ব্যবহারের পরিকল্পনার কথা জানান বেনজীর আহমেদ। ২০১২ সালের এপ্রিল মাসে বর্ষবরণের নিরাপত্তা মহড়ায় প্রথমবারের মতো একটি বোমা অপসারণকারী রোবট ব্যবহার করে ডিএমপি। সম্প্রতি যুক্ত হয় মোবাইল কন্ট্রোল ইউনিট। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার আবদুল জলিল, উপকমিশনার (প্রশিক্ষণ) মোল্যা নজরুল ইসলাম, ইনসাইট বাংলাদেশের সভাপতি রাশেদ আলী খান প্রমুখ।