ম্যান্ডেলা আবারও হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেলসন ম্যান্ডেলা
নেলসন ম্যান্ডেলা

ফুসফুসে সংক্রমণজনিত সমস্যার কারণে দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলাকে গতকাল শনিবার প্রিটোরিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা ‘গুরুতর, তবে স্থিতিশীল’।

ম্যান্ডেলা আগামী মাসে ৯৫ বছরে পা দিতে যাচ্ছেন। তিনি সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ১০ দিন হাসপাতালে কাটানোর পর গত এপ্রিলে হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। হঠাৎ অবস্থার অবনতি হলে জোহানেসবার্গের বাসভবন থেকে তাঁকে গতকাল সকালে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। গত সাত মাসের মধ্যে এ নিয়ে চতুর্থবারের মতো হাসপাতালে গেলেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের এই নেতা।

দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমার কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ (শনিবার) সকালে তাঁর (ম্যান্ডেলা) অবস্থার অবনতি হয়। তাঁকে প্রিটোরিয়ার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাঁর অবস্থা গুরুতর, তবে স্থিতিশীল।’

বিবৃতিতে বলা হয়, বিশেষজ্ঞ চিকিৎসকেরা ম্যান্ডেলাকে সেবা দিচ্ছেন। তাঁকে সুস্থ করে তুলতে সম্ভাব্য সবকিছু করা হচ্ছে। ম্যান্ডেলার পরিবারের ঘনিষ্ঠ অন্তত একজন সদস্য হাসপাতালে তাঁর পাশে রয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, সরকার ও জাতির পক্ষ থেকে ম্যান্ডেলার দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রেসিডেন্ট জুমা। একই সঙ্গে ম্যান্ডেলা ও তাঁর পরিবারের গোপনীয়তা রক্ষায় সহায়তা দিতে জনগণ ও গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রেসিডেন্ট।

দক্ষিণ আফ্রিকার জাতির জনক হিসেবে খ্যাত ম্যান্ডেলা ১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন। তিনিই দেশটির প্রথম নির্বাচিত কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। এর আগে শ্বেতাঙ্গ শাসনামলে দীর্ঘ ২৭ বছর কারাভোগ করেন তিনি।

শান্তিতে নোবেলজয়ী ম্যান্ডেলাকে ২০১০ সালের জুলাইয়ে বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা শুরুর আগে মাঠে দেখা যায়। এর পর থেকে তাঁকে আর জনসমক্ষে দেখা যায়নি। এএফপি।