ম্যান্ডেলার আদর্শ অনুসরণীয়
নেলসন ম্যান্ডেলা শুধু বর্ণবাদের বিরুদ্ধেই সংগ্রাম করেননি। দারিদ্র্য ও দুঃশাসনের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করতে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। মানবতার জয়গান গেয়ে অবির্ভূত হয়েছেন বিশ্বনেতা হিসেবে। বর্তমান পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় তার আদর্শ অনুসরণীয়।
বাংলাদেশ আফ্রো-এশীয় গণসংহতি পরিষদ আয়োজিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে এ সভা হয়। সভায় পরিষদের সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ম্যান্ডেলা পৃথিবীর মুক্তিকামী জনতা ও শোষিত মানুষের মুক্তির কথা বলেছেন। তাঁর লক্ষ্য ছিল সাদা-কালো মিলে একটি দেশ গড়া, যেখানে সবার অধিকার রক্ষিত হবে। মানুষের মুক্তির পথ দেখানোর পাশাপাশি তিনি দেখিয়েছেন কীভাবে বেঁচে থাকতে হয়।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ম্যান্ডেলা সব মানুষকে একত্র করেছেন। তাঁর আদর্শের কথা স্মরণ করে মুক্তিযুদ্ধের আদর্শকে সমুন্নত রাখতে সবাইকে একত্র হতে হবে।
কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, সারা দেশে সহিংসতায় পুড়ছে সাধারণ মানুষ। বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজনীতিবিদ ও জনগণ। তিনি দেশে শান্তি ফিরিয়ে আনতে ম্যান্ডেলার জীবন থেকে রাজনীতিবিদদের শিক্ষা নেওয়ার আহ্বান জানান। সভায় অন্যদের মধ্যে অধ্যাপক এম এম আকাশ, গণসংগীতশিল্পী ফকির আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।