ম্যান্ডেলার শেষকৃত্যে যোগ দিতে যাচ্ছেন রাষ্ট্রপতি

দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। আগামীকাল সোমবার তিনি জোহানেসবার্গ যাচ্ছেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা প্রথম আলো ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় রাত আটটা ৫০ মিনিটে জোহানেসবার্গের নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ম্যান্ডেলা। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। শেষকৃত্য অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর। পূর্ব কেপটাউনের কুনু গ্রামে ম্যান্ডেলাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। ১৯১৮ সালের ১৮ জুলাই ওই গ্রামে জন্মেছিলেন তিনি।
শেষকৃত্য অনুষ্ঠানে বিশ্ব নেতাদের যোগ দেওয়ার কথা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামাও শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা এসএবিসি জানায়, ম্যান্ডেলার মরদেহ প্রিটোরিয়ার একটি সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ১১ ডিসেম্বর থেকে প্রিটোরিয়ায় তিন দিনের জন্য ম্যান্ডেলার মরদেহ রাখা হবে।
আগামীকাল জোহানেসবার্গের উপকণ্ঠে ৯৫ হাজার আসনের একটি স্টেডিয়ামে জাতীয় শোক অনুষ্ঠান পালন করা হবে। বর্ণবাদবিরোধী আন্দোলনের এই মহান নেতার মৃত্যুতে বিশ্বজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।