ম্যালেরিয়ামুক্ত দেশ গড়তে গণমাধ্যম জোরালো ভূমিকা পালন করতে পারে। ম্যালেরিয়া প্রতিরোধে প্রয়োজন জনসচেতনতা বৃদ্ধি। আর জনসচেতনতা বৃদ্ধিতে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের মাধ্যমে গণমাধ্যম ভূমিকা পালন করতে পারে।
আজ রোববার রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি: বর্তমান অবস্থা ও ভবিষ্যত্ কর্মপরিকল্পনা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন।
স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, দৈনিক সমকাল ও ব্র্যাক এই গোলটেবিল আলোচনার আয়োজন করে।
সমকালের ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খানের সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব এম এম নিয়াজ উদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ও লাইন ডিরেক্টর (সিডিসি) অধ্যাপক বে-নজির আহমেদ।
মূল প্রবন্ধে বলা হয়, বাংলাদেশে বর্তমানে এক কোটি ৫৬ লাখ মানুষ ম্যালেরিয়ার ঝুঁকিতে রয়েছে। ১৩টি জেলার ৭০টি উপজেলায় ম্যালেরিয়ায় আক্রান্ত রোগী রয়েছে। ২০১২ সালে বাংলাদেশে ২৯ হাজার ৫১৮ জন লোক ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে। এ সময়ে মারা গেছে ১১ জন।
আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব এম এম নিয়াজ উদ্দিন বলেন, ‘আমরা ম্যালেরিয়ামুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই। এ জন্য সবার অংশগ্রহণ জরুরি। দেশের সব মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করা আমাদের দায়িত্ব।’
বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সিফায়েত উল্লাহ বলেন, ‘ম্যালেরিয়া রোগ কমিয়ে আনতে আমরা অনেক বেশি সফল হয়েছি। এখন ১৫ মিনিটে একজন রোগীর ডায়াগনসিস করা সম্ভব, যা সত্যিই বিস্ময়কর।
গোলটেবিল আলোচনায় আরও অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও ম্যালেরিয়া গবেষক অধ্যাপক এম এ ফয়েজ, ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির সহযোগী পরিচালক মো. আকরামুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমকালের স্বাস্থ্যপাতার সম্পাদক এবং জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের শিশু ও কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ শাহরিয়ার। ব্র্যাকের সিনিয়র মিডিয়া ম্যানেজার মাহবুবুল আলম কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।