লক্ষ্মীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
ম্যালেরিয়া ছাড়া অন্য কোনো রোগ নির্ণয়ের পরীক্ষা হয় না
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুল্যাতলি এলাকার উমংচি মারমা (৪৫) গাছ থেকে পড়ে হাতে ব্যথা পেয়েছেন। লক্ষ্মীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছেন চিকিৎসা নিতে। চিকিৎসক তাঁকে এক্স-রে করার পরামর্শ দেন। কিন্তু এক্স-রে করার জন্য তাঁকে যেতে হবে লক্ষ্মীছড়ি থেকে ৩০ কিলোমিটার দূরে মানিকছড়ি উপজেলার একটি বেসরকারি রোগ নির্ণয় কেন্দ্রে।
কারণ, লক্ষ্মীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ম্যালেরিয়া ছাড়া অন্য কোনো রোগ নির্ণয়ের পরীক্ষা-িনরীক্ষা হয় না। গত বৃহস্পতিবার লক্ষ্মীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এ দৃশ্য দেখা যায়।
শুধু উমংচি মারমা নন, এ উপজেলার সব রোগীকে স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য মানিকছড়ি বা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় যেতে হয়। এতে রোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রায়ই কর্মস্থলে অনুপস্থিত থাকেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার বেলা ১১টায় সরেজমিনে দেখা যায়, একজন চিকিৎসক হাসপাতালের বহির্বিভাগে রোগীদের ব্যবস্থাপত্র লিখে দিচ্ছেন। হাসপাতালের আটজন চিকিৎসকের মধ্যে মাত্র একজন উপস্থিত। বাকি সাতজন ম্যালেরিয়া-সংক্রান্ত এক সভায় যোগ দিতে জেলা সদরে সিভিল সার্জন কার্যালয়ে গেছেন বলে উপস্থিত চিকিৎসক দাবি করেন।
লক্ষ্মীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফয়জুর রহমান জানান, এই হাসপাতালে ম্যালেরিয়া রোগ ছাড়া অন্য কোনো রোগ নির্ণয়ের পরীক্ষা করার সুবিধা নেই। তিনি জানান, টেকনিশিয়ান থাকলেও পরীক্ষার যন্ত্রপাতি ও পরীক্ষার জন্য কেমিক্যাল সংরক্ষণের কোনো ব্যবস্থা হাসপাতালে নেই। প্রায়ই বিদ্যুৎ থাকে না, থাকলেও লো-ভোল্টেজের কারণে ফ্রিজ বন্ধ থাকে।
ফয়জুর রহমান বলেন, হাসপাতালে চিকিৎসকদের থাকার কোনো সুবিধা নেই। তাই চিকিৎসকেরা স্থায়ীভাবে লক্ষ্মীছড়িতে অবস্থান করেন না। পাশের উপজেলা বা চট্টগ্রাম নগর থেকে এসে তাঁরা সেবা দিয়ে যান। তিনি জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিজেও শারীরিকভাবে অসুস্থ। এ কারণে মাসে তিনি দুই-তিন দিন হাসপাতালে উপস্থিত থেকে কাজ চালিয়ে যান।
লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেম্রাচাই মারমা বলেন, লক্ষ্মীছড়ি উপজেলায় স্বাস্থ্যসেবার অবস্থা খুবই খারাপ। চিকিৎসকেরা প্রায়ই অনুপস্থিত থাকেন।
লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শওকত ওসমান অভিযোগ করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রায়ই কর্মস্থলে অনুপস্থিত থাকেন। এ ব্যাপারে উপজেলা পরিষদ থেকে সিভিল সার্জন কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে।
লক্ষ্মীছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। পরে মুঠোফোনে খুদে বার্তা পাঠালেও কোনো সাড়া মেলেনি।
এ ব্যাপারে খাগড়াছড়ির সিভিল সার্জন নারায়ণ চন্দ্র দাশের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি ঢাকায় আছেন। ব্যস্ত থাকার কথা জানিয়ে পরের সপ্তাহে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।