ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির ৮৬ ভাগ সেবাগ্রহীতা সন্তুষ্ট
জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির ব্যাপারে ৮৬ শতাংশ সেবাগ্রহীতা সন্তুষ্ট। গতকাল শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভোক্তা সন্তুষ্টি সমীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। চিকিৎসক ও গবেষকদের সংগঠন ম্যালেরিয়া রিসার্চ গ্রুপ এই অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে উপস্থিত গবেষকেরা কর্মসূচির সফলতা নিয়ে আত্মতুষ্টির সুযোগ নেই বলে মন্তব্য করেন। তাঁরা বলেন, যেকোনো সময় ম্যালেরিয়া ওষুধপ্রতিরোধী হয়ে উঠতে পারে। নতুন নতুন রূপে ম্যালেরিয়া রোগ ছড়াতে পারে।ম্যালেরিয়া রিসার্চ গ্রুপের পক্ষ অস্ট্রেলিয়ার নিউক্যাসেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল হাসনাত বলেন, ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির অন্তর্ভুক্ত ৩২টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে গত এক বছরে সেবা নিয়েছে এমন ৯৬০ জনকে গবেষণার আওতায় আনা হয়। তারা রোগ শণাক্তকরণ পরীক্ষা, ওষুধ, কীটনাশকযুক্ত মশারি—যেকোনো একটি সেবা নিয়েছে। প্রতিটি ক্ষেত্রে আলাদাভাবে প্রশ্ন করে জানা যায়, তাদের ৮৬ শতাংশ সন্তুষ্ট। গবেষণায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসরণ করা হয়।কর্মসূচির উপকর্মসূচি ব্যবস্থাপক জহিরুল করিম বলেন, ২০০০ সালে ৫০০ জন ম্যালেরিয়ায় মারা যায়। গত বছর মারা যায় ১৩ জন। বর্তমানে ১৩টি জেলায় ম্যালেরিয়া কর্মসূচি চলছে। এর মধ্যে পার্বত্য তিনটি জেলা বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতে ম্যালেরিয়ায় আক্রান্তের হার সবচেয়ে বেশি, ৮০ শতাংশ।অনুষ্ঠানের সভাপতি ও বিশিষ্ট ম্যালেরিয়া বিশেজ্ঞ মো. আবুল ফায়েজ বলেন, কর্মসূচি থেকে বিপুলসংখ্যক মানুষ উপকার পাচ্ছে এবং একটি বড় অংশ সন্তুষ্টি প্রকাশ করছে। পুরো স্বাস্থ্যব্যবস্থায় এর প্রতিফলন হওয়া প্রয়োজন।স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক বেনজীর আহমেদ বলেন, পার্বত্য তিনটি জেলায় মৃত্যুর হার কমেছে, কিন্তু আক্রান্তের সংখ্যা কমেনি। যক্ষ্মার মতো ম্যালেরিয়া ওষুধপ্রতিরোধী হয়ে উঠলে পরিস্থিতি জটিল হতে পারে। এ জন্য আগাম প্রস্তুতি নেওয়া জরুরি।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরজীবীবাহিত রোগ নিয়ন্ত্রণ বিভাগের বাংলাদেশের প্রধান এ মান্নান বাঙ্গালী, বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সভাপতি এম এ জলিল চৌধুরী, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ মাকসুদুল আলম এবং একই কলেজের মেডিসিন বিভাগের শিক্ষক মো. রিদওয়ানুর রহমান।