ম্যালেরিয়া নির্মূলে প্রয়োজন আন্তর্দেশীয় সহযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত, মিয়ানমার ও চীনের যৌথ অংশগ্রহণ ছাড়া বাংলাদেশ থেকে পুরোপুরি ম্যালেরিয়া নির্মূল করা সম্ভব নয়। গতকাল মঙ্গলবার রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে ‘ম্যালেরিয়া: বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠকে বক্তারা এমন অভিমত দিয়েছেন।

বেসরকারি সংস্থা ব্র্যাক, দৈনিক সমকাল ও স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি যৌথভাবে এ বৈঠক আয়োজন করে।

বৈঠকে বক্তারা বলেন, দেশে ম্যালেরিয়া নির্মূলের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও সীমান্তবর্তী এলাকাগুলোতে এখনো এ রোগের ঝুঁকি রয়ে গেছে। প্রতিবছর বাংলাদেশে ভারত ও মিয়ানমার সীমান্ত দিয়ে অনেক মানুষের অনুপ্রবেশ ঘটছে। পর্যবেক্ষণে দেখা গেছে, তাদের মধ্যে ম্যালেরিয়ায় আক্রান্ত লোকজনের সংখ্যা তুলনামূলক বেশি। তাই দেশ থেকে ম্যালেরিয়া পুরোপুরি নির্মূল করতে আন্তর্দেশীয় সহযোগিতা দরকার।

অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ একদিন ম্যালেরিয়ামুক্ত হবেই, ঠিক যেভাবে বাংলাদেশ পোলিওমুক্ত হয়েছে।

বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের টিবি, ম্যালেরিয়া ও ওয়াশ কর্মসূচির প্রধান মোকতাদির কবীর। তিনি বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত ১ কোটি ৩২ লাখ মানুষ ম্যালেরিয়ার ঝুঁকিতে রয়েছে। বিগত কয়েক বছরে ম্যালেরিয়ায় আক্রান্ত মানুষের সংখ্যা খুব বেশি কমানো না গেলেও কমেছে মৃত্যুর হার।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) আবুল খায়ের মোহাম্মদ শামছুজ্জামান বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত সারা দেশে মোট ৫ হাজার ৬৫৭ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন দুজন।

ম্যালেরিয়া নির্মূলে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ আরও জোরদার করার পাশাপাশি ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মোহাম্মদ নুরুল হক। এ ছাড়া তিনি সীমান্ত এলাকায় ম্যালেরিয়ার ঝুঁকি কমাতে মিয়ানমার, চীন ও ভারতের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পরামর্শ দেন।

বৈঠকটি সঞ্চালনা করেন দৈনিক সমকাল-এর নির্বাহী সম্পাদক মুস্তাফিজ শফি। আরও বক্তব্য দেন ব্র্যাকের টিবি, ম্যালেরিয়া ও ওয়াশ কর্মসূচির পরিচালক মো. আকরামুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আলাউদ্দিন মজুমদার, বান্দরবানের সিভিল সার্জন উদয় শংকর চাকমা, খাগড়াছড়ির সিভিল সার্জন নিশীত নন্দী মজুমদার প্রমুখ।