ম্যালেরিয়ার প্রকোপ বাড়ছে বাঘাইছড়িতে
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ম্যালেরিয়ার প্রকোপ বেড়েছে। গত মাসে ৫২১ জন ম্যালেরিয়া আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া প্রত্যন্ত গ্রামগুলোতে ম্যালেরিয়ার প্রকোপ আরও বেশি। এখানকার রোগীরা ওষুধ ও চিকিৎসা সেবা পাচ্ছেন না বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, চিকিৎসক সংকটসহ ওষুধ কম থাকায় বাঘাইছড়িতে ব্র্যাক, স্থানীয় বেসরকারি সংস্থা হিল ফ্লাওয়ার ও ইউএনডিপি-জেলা পরিষদ স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। উপজেলা পরিষদ সদরের প্রত্যক ওয়ার্ডে স্বাস্থ্যকর্মী নিয়োগ করে। এই কর্মীরা প্রাথমিক ম্যালেরিয়া নির্ণয় ও ওষুধ দিয়ে থাকেন। কিন্তু প্রত্যন্ত গ্রামগুলোতে স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হলেও তাঁরা সঠিকভাবে দায়িত্ব পালন করেননি বলে অভিযোগ রয়েছে। গত মাসে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ জন, ইউএনডিপি-জেলা পরিষদ ১০০ জন, ব্র্যাক ৩০২ জন ও হিল ফ্লাওয়ার ৬৯ জন ম্যালেরিয়া রোগীকে চিকিৎসা দিয়েছেন। এ ছাড়া খাগড়াছড়ি সদর ও দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সেও রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এর আগে প্রত্যন্ত গ্রামগুলোতে ২০১২ সালে চারজন এবং ২০১৩ সালে দুজন ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মারা যান।
বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সৈয়দ মো. আরিফ উদ্দিন বলেন, সামনে ম্যালেরিয়া রোগীর সংখ্যা আরও বাড়তে পারে।