ম্যালেরিয়ার প্রকোপ বেড়েছে পার্বত্য এলাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য অঞ্চলে গত দুই বছরে হঠাৎ ম্যালেরিয়ার প্রকোপ বেড়েছে বলে রাঙামাটিতে অনুষ্ঠিত এক পরামর্শক সভায় তথ্য দেওয়া হয়েছে। গতকাল রোববার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচির উদ্যোগে এ সভা হয়।
সভায় জানানো হয়, সরকার ২০২০ সালের মধ্যে সারা দেশে ম্যালেরিয়াজনিত মৃত্যুর হার শূন্যের কোঠায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচির কর্মকর্তা এন্ড্রু বিশ্বাস সভায় রাঙামাটি জেলার ম্যালেরিয়া পরিস্থিতি সম্পর্কে তথ্য উপস্থাপন করেন। এতে উল্লেখ করা হয়েছে, ২০১৪ ও ২০১৫ সালে পার্বত্য রাঙামাটি এলাকায় হঠাৎ করে ম্যালেরিয়া রোগের প্রকোপ বেড়েছে। ২০০৯ সালে জেলায় ১৮ হাজার ৭৮৯ জন ম্যালেরিয়ায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। ২০১৩ সালে তা কমে ৭ হাজার ৯৭৬ জনে আসে। কিন্তু গত বছর তা হঠাৎ বেড়ে ১৭ হাজার ১৬৬ জনে পৌঁছায়। এ বছরের নভেম্বর পর্যন্ত ১৩ হাজার সাতজন ম্যালেরিয়া রোগী শনাক্ত করা হয়েছে।
সভায় বলা হয়, অর্থের স্বল্পতা, দক্ষ জনশক্তির অভাব, দুর্গম যোগাযোগ ব্যবস্থা, রোগ সম্পর্কে স্থানীয় লোকজনের ভুল ধারণা, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং সমন্বয়হীনতার কারণে ম্যালেরিয়া নির্মূল সম্ভব হচ্ছে না।
জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচির পরিচালক এ কে এম শামসুজ্জামান বলেন, জনগণের সচেতনতা ছাড়া ম্যালেরিয়া নির্মূল করা সম্ভব নয়। ম্যালেরিয়া নির্মূলে আরও অনেক কাজ করতে হবে। দুর্গম পাহাড়ের জুমচাষিদের রোগ সম্পর্কে সচেতন করতে আরও উদ্যোগ নিতে হবে।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের রোগ নিয়ন্ত্রণ বিভাগের উপপরিচালক রওশন আলম খান চৌধুরী বলেন, সরকার জনগণকে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছে দিতে স্বাস্থ্য ক্যাডারে একসঙ্গে ছয় হাজারের বেশি চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। নতুন প্রজন্মের এসব চিকিৎসককে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে।
রাঙামাটি সিভিল সার্জন রুহী বনানীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল, জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচির উপপরিচালক আবু নাঈম মোহাম্মদ সোহেল এবং সেনাবাহিনী ও বিজিবির প্রতিনিধি।