ম্যালেরিয়ায় আক্রান্তের হার কমলেও মৃত্যু বেড়েছে
ম্যালেরিয়ায় আক্রান্তের হার কমলেও এই রোগে মৃত্যুর সংখ্যা তুলনামূলকভাবে বেড়েছে। চলতি বছরের আগস্ট পর্যন্ত আট মাসে সারা দেশে এই রোগে মারা গেছে ১৭ জন। এর মধ্যে ১৩ জনই মারা গেছে বৃহত্তর চট্টগ্রামে। গত বছর সারা দেশে এই সংখ্যা ছিল ৯ জন।
গতকাল রোববার চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য দপ্তর, চট্টগ্রাম প্রেসক্লাব ও ব্র্যাকের ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি আয়োজিত ‘অবহিতকরণ সভায়’ এসব তথ্য জানানো হয়। ব্র্যাকের জ্যেষ্ঠ ব্যবস্থাপক দিলীপ কুমার সাহা ম্যালেরিয়া–সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরেন।
প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে দিলীপ কুমার সাহা বলেন, তুলনামূলকভাবে মৃতের সংখ্যা বাড়লেও মারাত্মক ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা কমছে। ২০১৫ সালে যেখানে ৩৯ হাজার ৭১৯ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন, এবার আট মাসে তা ২১ হাজার ২৩২ জন। আর চট্টগ্রামে ২০১৫ সালে ১ হাজার ২৩ জন এ ধরনের রোগে আক্রান্ত হয়। আর আট মাসে আক্রান্ত হয়েছে ৫৬৫।
সভায় বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালে ম্যালেরিয়াজনিত কারণে বিশ্বে ২১ কোটি ৪০ লাখ মানুষ অসুস্থ এবং ৪ লাখ ৩৮ হাজার মানুষ মারা গেছে। যাদের বেশির ভাগের বয়স পাঁচ বছরের নিচে।
চলতি বছর মৃত্যুবরণকারীদের মধ্যে বান্দরবানের ছয়জন, রাঙামাটির তিনজন, চট্টগ্রাম জেলায় তিনজন ও কক্সবাজারে একজন।
সভায় আরও জানানো হয়, দেশে ১ কোটি সাড়ে ৩২ লাখ জনগোষ্ঠী ম্যালেরিয়ার ঝুঁকিতে আছে। এর মধ্যে তিন পার্বত্য জেলা উচ্চ ঝুঁকিপ্রবণ, কক্সবাজারের রামু, উখিয়া ও সদর মধ্য ঝুঁকিপ্রবণ ও ৯টি জেলা নিম্ন ঝুঁকিপ্রবণ হিসেবে চিহ্নিত। ম্যালেরিয়াপ্রবণ উপজেলা ৭১টি। উচ্চ ও মধ্য ঝুঁকিপ্রবণ এলাকায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী ৩৩ লাখ ৪০ হাজার।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) আলাউদ্দিন মজুমদার। অতিথি ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন মো. আজিজুর রহমান সিদ্দিকী, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, ব্র্যাকের কর্মসূচি প্রধান মোকতাদির কবীর।
চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক সনজয় কুমার পাল।
সভায় ম্যালেরিয়া বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার পরামর্শ দেওয়া হয়।