ম্যালেরিয়ায় ঝুঁকিমুক্ত হচ্ছে কক্সবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর আগেও ম্যালেরিয়ার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এলাকা ছিল কক্সবাজার। কিন্তু সরকারের নানামুখী উদ্যোগ ও বেসরকারি সংস্থাগুলোর প্রচেষ্টায় ধীরে ধীরে সে অবস্থার অনেকটাই পরিবর্তন হয়েছে। ম্যালেরিয়া নিয়ে মানুষের মধ্যে আগের চেয়ে সচেতনতা অনেক বেড়েছে। ম্যালেরিয়া রোগজনিত জেলায় মানুষের মৃত্যুর সংখ্যা শূন্যের কোঠায় নেমে এসেছে। জেলা সিভিল সার্জন এবং বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা (রোগনিয়ন্ত্রণ) রনজন বড়ুয়া বলেন, ২০১৬ সালে জেলায় ১ হাজার ৩০১ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়। চিকিৎসা নিয়ে সবাই ভালো আছে। ২০০৫ সালে জেলায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৮৮ জন। ২০০৬ সালে মারা যায় ৩৪ জন, ২০০৭ সালে ২৫ জন, ২০০৮ সালে ৬০ জন, ২০০৯ সালে ৪ জন, ২০১০ সালে ১ জন, ২০১১ সালে ২ জন এবং ২০১২ সালে ১ জন মারা গেছেন। ২০১৩ সালে একজনও মারা যায়নি।
২০১৭ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে ম্যালেরিয়া আক্রান্ত রোগী পাওয়া গেছে ১২১ জন। ম্যালেরিয়া নিয়ে স্বাস্থ্যকর্মীরা দুর্গম পাহাড়ি ও সমুদ্র উপকূলীয় এলাকায় ব্যাপকভাবে কাজ করায় এখন রোগীর সংখ্যা কমে আসছে বলে সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়। জেলার মধ্যে রামু ও চকরিয়া উপজেলা ম্যালেরিয়ার প্রকোপ বেশি।
রামুর গর্জনিয়া ইউনিয়ন (ইউপি) চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম বলেন, সচেতনতা বাড়ায় তিন বছর ধরে তাঁর ইউনিয়নে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
চিকিৎসকেরা জানান, কক্সবাজারে ম্যালেরিয়া নিয়ন্ত্রণে প্রতিরোধ ও নিরাময় কার্যক্রম চালু রয়েছে। প্রতিরোধ কর্মসূচির আওতায় ম্যালেরিয়া প্রকোপ এলাকায় মশারি বিতরণ, পল্লিচিকিৎসকদের ম্যালেরিয়া রোগ নির্ণয় বিষয়ে প্রশিক্ষণ, জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিসহ নানা কাজ চলছে। গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত জেলায় ৩ লাখ ৮০ হাজার ৫২১টি কীটনাশকযুক্ত মশারি বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের হয়ে মশারিগুলো বিতরণ করছে ‘মুক্তি কক্সবাজার’সহ কয়েকটি এনজিও।
কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান চৌধুরী বলেন, পর্যটনের এই শহরকে মশামুক্ত রাখতে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে পৌর কর্তৃপক্ষ।