হাসপাতালে নিতে দেরি হওয়ার কারণে ম্যালেরিয়ায় আক্রান্ত অনেক রোগী মারা যাচ্ছে। তবে প্রাথমিকভাবে রোগীকে আর্টিসুনেটের একটি ডোজ দেওয়া হলে ম্যালেরিয়ায় মৃত্যুহার অর্ধেকে কমিয়ে আনা সম্ভব। ম্যালেরিয়া রোগের মৃত্যুহার ও অক্ষমতা কমানোর বিষয়ে সাম্প্রতিক একটি গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। গতকাল সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে গবেষণাটি নিয়ে সেমিনারের আয়োজন করা হয়। বাংলাদেশের ম্যালেরিয়া রিসার্চ গ্রুপ পরিচালিত এই গবেষণাবিষয়ক প্রবন্ধ ২০০৯ সালের ১৪ ফেব্রুয়ারি ব্রিটিশ চিকিত্সা সাময়িকী ল্যানসেট-এ প্রকাশিত হয়। বিশ্বের বর্ষসেরা গবেষণাকর্ম হিসেবে এটি গত ১০ মার্চ ব্রিটিশ মেডিকেল জার্নাল গ্রুপের (বিএমজি) পুরস্কার লাভ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অর্থায়ন ও তত্ত্বাবধানে ১০ বছর ধরে গবেষণাটি করা হয়। গবেষণার কাজ শুরু হয় ১৯৯৮ সালে। সেমিনারে গবেষণার বিভিন্ন বিষয় তুলে ধরতে গিয়ে ম্যালেরিয়া রিসার্চ গ্রুপের কো-প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক রিদওয়ানুর রহমান বলেন, প্রত্যন্ত অঞ্চলে যাতায়াতব্যবস্থা ভালো না হওয়ায় ম্যালেরিয়ায় আক্রান্ত গুরুতর রোগীকে সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। এ কারণে হাসপাতালে নেওয়ার আগেই অনেক রোগী মারা যায়। কিন্তু রোগের লক্ষণ দেখা যাওয়ার ছয় ঘণ্টার মধ্যে এসব রোগীর মলদ্বারে যদি আর্টিসুনেটের একটি ডোজ দেওয়া যায়, তবে অর্ধেক রোগীকে বাঁচানো সম্ভব। বাংলাদেশ, তানজানিয়া ও ঘানার মোট ১৭ হাজার ৮২৬ জন ম্যালেরিয়া রোগীর ওপর পরীক্ষা চালিয়ে এই চিকিত্সাব্যবস্থার সুফল পাওয়া গেছে। অধ্যাপক রিদওয়ানুর রহমান বলেন, আর্টিসুনেটের ডোজ দেওয়ার ব্যবস্থাটি অসম্পূর্ণ চিকিত্সাব্যবস্থা। রোগীর সংক্রমণ যাতে না বাড়ে (মস্তিষ্কে সমস্যা তৈরি, কথা বলতে না পারা, পঙ্গুত্ব, জ্ঞান-বুদ্ধি লোপ পাওয়া), এ জন্য আর্টিসুনেটের ডোজ দেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পর রোগীকে পূর্ণাঙ্গ চিকিত্সা দিতে হবে। এ অবস্থায় রোগীর শিরায় কুইনাইন বা আর্টিসুনেট ইনজেকশন দিয়ে চিকিত্সা করাতে হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহ মনির হোসেন বলেন, নিবন্ধিত ওষুধ না হওয়ায় দেশের বাজারে আর্টিসুনেটের ডোজ পাওয়া যায় না। তাই রোগীকে এখনি এই চিকিত্সা দেওয়া যাচ্ছে না। তবে সরকারের ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কার্যক্রমে আগামী দিনে এ ওষুধ অন্তর্ভুক্ত করা হবে। তিনি বলেন, দেশের মেডিকেল কলেজগুলোতে মানসম্মত গবেষণা হচ্ছে না। শিক্ষকদের একাডেমিক বিষয়ে আরও গবেষণা করার আহ্বান জানান তিনি।গবেষক দলের প্রধান ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক এম এ ফয়েজ বলেন, গবেষণায় কার্যকর বলে প্রমাণিত আর্টিসুনেট ডোজটি প্রাথমিকভাবে সীমিত আকারে ব্যবহার করা হবে। দাতা সংস্থার সহযোগিতা পেলে সরকারি তত্ত্বাবধানে সারা দেশে পর্যায়ক্রমে এ ওষুধ ব্যবহার করা যেতে পারে। চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দা নূরজাহান ভূঁইয়ার সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দ ওমর খৈয়াম, ম্যালেরিয়া রিসার্চ গ্রুপের সহ-মুখ্য অনুসন্ধানকারী (কো-প্রিন্সিপাল ইনভেস্টিগেটর) অধ্যাপক ইমরান ইউসুফ।