ম্রো ভাষার বইয়ের মোড়ক উন্মোচন
ম্রো জনগোষ্ঠীর শিশুদের বিদ্যালয় থেকে ঝরে পড়ার হার কমাতে মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালু করতে হবে। নিজেদের উদ্যোগে যেসব এলাকায় বহুভাষিক পদ্ধতিতে মাতৃভাষায় শিক্ষা দেওয়া হচ্ছে, সেখানে ঝরে পড়ার হার ৯০ শতাংশ কমে গেছে।
গতকাল সোমবার বান্দরবান শহরের উজানীপাড়ায় ম্রোচেট মিলনায়তনে ম্রো ভাষায় সংকলিত ‘রিইয়ুং খ্তি’ (নীতিকথা) বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ম্রো ভাষা গবেষকেরা এসব কথা বলেন। ম্রো ভাষা রক্ষা কমিটির সভাপতি রেমসং ম্রো বইটির মোড়ক উন্মোচন করেন।
ম্রো স্টুডেন্ট অর্গানাইজেশনের সভাপতি সিংপাত ম্রোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মারমা ভাষা গবেষক ও লেখক ক্যশৈপ্রু ওরফে খোকা স্যার। আলোচনায় আরও অংশ নেন খুমী কুহংয়ের সভাপতি লেলুং খুমী, লেখক চৌধুরী বাবুল বড়ুয়া, ম্রো গানের গীতিকার ঙানসিং ম্রো, তাঙয়া ম্রো প্রমুখ।
রিইয়ুং খ্তি বইয়ের সংকলক ইয়াংঙান ম্রো বলেন, ম্রো জনগোষ্ঠীর প্রাণপুরুষ ক্রামাদি মেনলে আশির দশকে ম্রো বর্ণমালা আবিষ্কার করেন। তিনি যেসব নীতিবাক্য, উপদেশ ও বাণী লিখে গেছেন সেগুলো সংগ্রহ করে রিইয়ুং খ্তি নামে সংকলন করা হয়েছে। প্রায় ২০০ পৃষ্ঠার বইটি বাংলা ও ইংরেজিতে অনুবাদ করা হবে।
ম্রো ভাষা রক্ষা কমিটির সভাপতি রেমসম ম্রো বলেন, ম্রো অধ্যুষিত এলাকায় গবেষণা করে দেখা গেছে, ম্রো শিশুদের মাতৃভাষায় পাঠদান করলে ঝরে পড়ার হার কমে যায়। মাতৃভাষায় পাঠদান না করলে ৩৫-৪০ শতাংশ শিশু প্রাথমিক শিক্ষা শেষ করতে পারে না।