ম্রো আদিবাসীদের পবিত্র স্থান বেদখলের অভিযোগ
পবিত্র স্থানগুলো বেদখল হয়ে যাওয়ায় বান্দরবানের কয়েকটি এলাকায় এখন আর চাংক্রান (বৈসাবি) মেলাসহ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব করতে পারছেন না বলে অভিযোগ করেছেন ম্রো আদিবাসী নেতারা। গতকাল বুধবার বান্দরবানে ‘চাংক্রান উৎসব ও ম্রো সংস্কৃতির স্বরূপ সন্ধানে’ শীর্ষক এক কর্মশালায় ম্রো নেতারা এ অভিযোগ করেন। ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট (কেএসআই) মিলনায়তনে দিনব্যাপী কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ম্রো সমাজের বিশিষ্ট লেখক সিংয়ং ম্রো। এতে প্রধান অতিথি ছিলেন থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান খামলাই ম্রো। বিশেষ অতিথি ছিলেন কেএসআইয়ের পরিচালক মংনুচিং মারমা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য ক্যহ্লাউ মারমা, শিক্ষক তাপসী খীসা, মহিলা ইউপি সদস্য ইলং ম্রো, লেলুং খুমী প্রমুখ। কর্মশালায় খামলাই ম্রো বলেন, লামা উপজেলার লুলাইনমুখ এলাকায় ম্রো আদিবাসীরা যুগ যুগ ধরে সাত দিনব্যাপী চাংক্রান উৎসব ও মেলার আয়োজন করত। মেলায় ম্রো জনগোষ্ঠীর নিজস্ব ইতিহাস-ঐতিহ্য, শিল্প-সংস্কৃতি ও কৃষ্টি তুলে ধরা হতো। খামলাই ম্রো অভিযোগ করেন, লুলাইন উৎসব আয়োজনের স্থান ও বৌদ্ধবিহারসহ ওই এলাকার পুরো ম্রো পাড়া মকবুল আহমঞ্চদ ওরফে মকবুল উকিল নামের এক ব্যক্তি দখল করে নিয়েছেন। ২০০৮ সালে বুলডোজার দিয়ে ম্রোদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়। উচ্ছেদের পর থেকে তারা বিভিন্ন পাড়া-গ্রামে মানবেতর জীবনযাপন করছে। এ ছাড়া বান্দরবান সদর উপজেলার সুয়ালকে হেজাঝিরি (মেলার জন্য পবিত্র স্থান) ও পোড়া পাড়া একটি সরকারি সংস্থা অধিগ্রহণের নামে দখল করে নিয়েছে। এদিকে ম্রো উৎসবের স্থান ও বিহারসহ পাড়া দখলের অভিযোগ অস্বীকার করেছেন মকবুল আহমঞ্চদ। তিনি বলেন, ‘লুলাইনমুখ এলাকায় কোনো জমি দখল করিনি, তবে জমি কিনেছি।’ ওই এলাকায় ম্রোদের বৌদ্ধবিহার নিজ উদ্যোগে সংস্কার করে দিয়েছেন বলেও দাবি করেন তিনি।