ম্রো আদিবাসীদের শিক্ষার সুযোগ ও ভূমি নিরাপত্তার দাবি
বান্দরবানে ম্রো আদিবাসীদের শিক্ষার সুযোগ ও তাদের ভূমির নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়েছেন ম্রো-নেতারা। গতকাল রোববার সদর উপজেলার টংকাবতি ইউনিয়নের রঞ্জুপাড়া বেসামরিক প্রাথমিক বিদ্যালয় মাঠে ম্রোদের সংস্থা ম্রোচেট আয়োজতি আলোচনা সভায় এ দাবি জানানো হয়।ম্রোচেট সভাপতি পিয়াসং ম্রোর সভাপতিত্বে সভায় প্রধান ও বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সাংসদ বীর বাহাদুর উশৈচিং, বান্দরবান জেলা প্রশাসক মিজানুর রহমান, জেলা পরিষদ সদস্য অংপ্রু ম্রো ও বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জামান। বক্তব্য দেন ম্রো সোশ্যাল কাউন্সিলের সভাপতি রাংলাই ম্রো, ম্রোচেটের সাধারণ সম্পাদক কামলাই ম্রো প্রমুখ। ম্রো-নেতারা বলেন, জুমচাষ ও বসবাসের জমি বহিরাগত ভূমিদস্যুরা দখল করে নেওয়ায় ম্রোরা এখন চরম সামাজিক নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদের ভূমির নিরাপত্তা দেওয়া না হলে এই গোষ্ঠীটির অস্তিত্ব হুমকির মুখে পড়বে। তাঁরা আরও বলেন, ১৯৮৯-৯০ সালে সুয়ালকে গোলন্দাজ প্রশিক্ষণের জন্য সেনাবাহিনী সাড়ে ১১ হাজার একর জমি অধিগ্রহণ করে। এ সময় বিপুলসংখ্যক ম্রো আদিবাসীদের উচ্ছেদ করা হয়। ওই সময়ে সেনাবাহিনী অধিগ্রহণের জন্য নির্ধারিত জমির অতিরিক্ত জায়গা দখল করে সীমানা নির্ধারণ করে। বক্তারা সেনাবাহিনীর অধিগ্রহণকৃত জমির প্রকৃত পরিমাণ নির্ধারণ করে অতিরিক্ত দখলে রাখা জমি ক্ষতিগ্রস্তদের ফেরত দেওয়ার দাবি জানান। প্রধান অতিথি বীর বাহাদুর বলেন, বিষয়টি তিনি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন।