জনসংখ্যার চাপ ও ভূমিদখলের কারণে বান্দরবানে ম্রোদের জুম চাষের জমি কমছে। এতে জুমের ওপর নির্ভরশীল ম্রো জনগোষ্ঠী সংকটের মুখে পড়েছে। এ অবস্থায় ম্রো সংস্কৃতি সংরক্ষণ করাও তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। গতকাল শনিবার এক সেমিনারে ম্রো জনগোষ্ঠীর নেতারা এসব কথা বলেন।
ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের শিরোনাম ছিল ‘ম্রোদের চামুংপক পইয়ের (নবান্ন উৎসব) অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’। ইনস্টিটিউটের মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ম্রো লেখক সিংয়ং ম্রো। সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের পরিচালক মংনুচিং মারমা। মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন বান্দরবান সরকারি কলেজের উপাধ্যক্ষ আবু তাহের ভূঁইয়া, মারমা ভাষার গবেষক ক্যশৈপ্রু মারমা, মুক্তিযোদ্ধা সুশীল বড়ুয়া প্রমুখ।
মূল প্রবন্ধে সিংয়ং ম্রো বলেন, পারিবারিক উৎসব হলেও চামুংপক পই ম্রো সমাজের সব মানুষকে এক সূত্রে গাঁথে। জুমের নতুন ধান আহরণের এ উৎসবকে ঘিরে সম্মিলিত হওয়া মানুষ সামষ্টিক চেতনায় এগিয়ে চলার প্রেরণা পায়। কিন্তু বর্তমানে নানা পারিপার্শ্বিক কারণে ম্রো সমাজের এ উৎসব গুরুত্ব হারাচ্ছে।
আলোচকেরা বলেন, ম্রোরা শুধু বান্দরবান পার্বত্য জেলায় বসবাস করে এবং তারা অত্যন্ত শান্তিপ্রিয় জনগোষ্ঠী। তাদের বর্ণাঢ্য ও সমৃদ্ধ সংস্কৃতিতে চামুংপক পইয়ের মতো আরও অনেক উৎসব রয়েছে। বাইরের আগ্রাসন থেকে এ উৎসবগুলোকে ধরে রাখতে না পারলে ম্রোরা টিকে থাকতে পারবে না। তবে সময়ের সঙ্গে সংগতি রেখে ম্রো উৎসব ও সংস্কৃতিকেও গ্রহণ-বর্জনের ধারায় প্রতিনিয়ত সমৃদ্ধ করে নিতে হবে।