মৎস্য অধিদপ্তরের কর্মচারী নাজমার খোঁজ মিলেছে
মৎস্য অধিদপ্তরের তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারী সমিতির সভাপতি ও অধিদপ্তরের উচ্চমান সহকারী নাজমা বেগমের খোঁজ মিলেছে। গত শনিবার দুপুরে এক নারী তাঁকে দক্ষিণ বনশ্রীর বাসায় পৌঁছে দেন। গত বৃহস্পতিবার মৎস্য ভবন থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন বলে তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছিলেন।
নাজমা বেগমের (৫০) ছেলে নজরুল ইসলাম জানান, বনশ্রী এলাকায় এক নারী তাঁর মাকে বাসায় পৌঁছে দেন। ওই নারী তাঁদের জানিয়েছিলেন, তাঁদের বাসার কাছে নাজমা পড়ে ছিলেন। কারা তাঁকে সেখানে রেখেছিলেন, তা তাঁরা জানেন না বলে জানান। ওই সময় তিনি প্রায় আচেতন ছিলেন, কারও সঙ্গে কথা বলতে পারছিলেন না।
পুলিশ জানায়, নাজমা বেগম নিখোঁজ হওয়ার পর তাঁর একমাত্র ছেলে নজরুল ইসলাম রমনা থানায় সাধারণ ডায়েরি করেন। থানার এসআই মো. শরীফ হোসেন এ ঘটনা তদন্ত করছেন। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, তিনি সুস্থ হলেই তাঁর সঙ্গে দেখা করে ঘটনার বিস্তারিত জানা যাবে।