পাবনার সুজানগর উপজেলার ঐতিহ্যবাহী গাজনার বিলের মৎস্য অভয়াশ্রম থেকে কারেন্ট জাল ও বেড় জাল দিয়ে অবাধে মা ও পোনা মাছ নিধন করা হচ্ছে। বিলপাড়ের কিছু মৎস্যজীবী ও বর্ষাকালীন শৌখিন মৎস্যশিকারিরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মাছ শিকার করছেন।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গাজনার বিলের আয়তন প্রায় ৩৩২ বর্গকিলোমিটার। ছোট-বড় প্রায় ১৬টি বিল নিয়ে এই বিশাল বিল অঞ্চলটির অবস্থান। বিলের বিভিন্ন স্থানে পাঁচটি মৎস্য অভয়াশ্রম রয়েছে। প্রতিবছর বর্ষার পানিতে নদী থেকে আসা মা ও পোনা মাছের পাশাপাশি এসব অভয়াশ্রমে সরকারি ও বেসরকারিভাবে ৮ থেকে ১০ লাখ টাকার পোনা মাছ অবমুক্ত করা হয়।
গত শুক্রবার বিকেলে বিলের হাটখালি অংশে গিয়ে দেখা যায়, পুরো বিলজুড়ে থই থই পানি। তার মাঝে উঁকি দিচ্ছে সবুজ ধানগাছ। কিছুদূর পরপর দুটি করে ডিঙি নৌকা জোড়া করে বেঁধে সেখান থেকে বিলের পানিতে বেড় জাল ফেলা হচ্ছে। নৌকার দুপাশ থেকে পানি ছেঁকে তুলে আনা হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ।
বিলপাড়ের ১০-১৫ জন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, বর্ষা মৌসুমে বিলের জমিতে ধান, পাটসহ বিভিন্ন ধরনের ফসল থাকে। এর ফলে সেখানে মাছের উপযোগী প্রচুর খাদ্য তৈরি হয়। এ কারণে বিলে প্রচুর মা ও পোনা মাছের আনাগোনা হয়। নদী থেকে মা মাছ বিলে ডিম ছাড়তে আসে। আর এ সুযোগে বিলপাড়ের এক শ্রেণির অসাধু মৎস্যজীবী ও শৌখিন মৎস্যশিকারিরা কারেন্ট জাল ও বেড় জাল দিয়ে মাছ নিধন করেন।
বর্তমানে বিলের সাতটি মৎস্য অভয়াশ্রম হাটখালি, দুলাই, বদনপুর, বাদাই, উলাট, রানীনগর ও শারিরভিটাসহ আরও কয়েকটি এলাকায় প্রতিদিন দেড়-দুই শ বেড় জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। এ সময় বিলে প্রচুর মাছ থাকায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত মৎস্যশিকারিরা মাছ ধরে বিভিন্ন হাট-বাজারে বিক্রি করছেন। জালে ধরা পড়ছে ছোট আকৃতির বোয়াল, কাতলা, টাটকিনি, টেংরা, শোল, পুঁটিসহ বিভিন্ন প্রজাতির দেশি মাছ।
বিলপাড়ের রানীনগর গ্রামের মোমিন উদ্দিন বলেন, মাত্র তিন মাস এই বিলে পোনা মাছ ধরা বন্ধ থাকলে এখান থেকে প্রচুর বড় মাছ পাওয়া যেত। কিন্তু মৎস্যশিকারিরা তা হতে দিচ্ছেন না। মাছগুলো বেড়ে ওঠার আগেই নিধন করা হচ্ছে। স্থানীয়ভাবে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগকে বহুবার বিষয়টি জানানো হয়েছে। তাঁরা ঢাকঢোল পিটিয়ে দুই-একবার অভিযান চালালেও অধিকাংশ সময় চুপ থাকায় মাছ ধরা বন্ধ হচ্ছে না।
ভিটবিলা গ্রামের সুজন ইসলাম বলেন, বেড় জাল দিয়ে পানি থেকে ছেঁকে ছোট ছোট মাছ তোলা হচ্ছে। এভাবে চলতে থাকলে একদিন বিল থেকে মাছ শেষ হয়ে যাবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ডিমওয়ালা মা মাছ ও পোনা মাছ নিধন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাই এসব মাছ নিধন বন্ধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্ষা মৌসুম শুরুর আগেই স্থানীয় মৎস্যজীবীদের এ ধরনের মাছ ধরতে নিরুৎসাহিত এবং আইন সম্পর্কে সচেতন করা হয়েছে।
তিনি আরও বলেন, কারেন্ট জাল ও বেড় জালে মা ও পোনা মাছ বেশি ধরা পড়ে। এ কারণে এ দুই ধরনের জাল ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ। এরপরও কিছু এলাকায় অবৈধ বেড় ও কারেন্ট জালের ব্যবহার হচ্ছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় এসব বন্ধে অভিযান চালানো হচ্ছে। গত শুক্রবার দুটি বেড় জাল ও ১৫টি কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
এ প্রসঙ্গে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাকসুদুল ইসলাম বলেন, ‘বেড় জাল ও কারেন্ট জালের ব্যবহার বন্ধে আমরা অভিযান শুরু করেছি। বিলে পানি থাকা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।’