মৎস্য আহরণে আরও ২৫টি ট্রলার লাইসেন্স পাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে মৎস্য আহরণের জন্য আরও ২৫টি ট্রলারকে লাইসেন্স দেওয়া হবে। এর মধ্যে ১৫টি মধ্য স্তরে এবং অপর ১০টি গভীর সমুদ্রে চলাচল করবে। তবে এসব ট্রলার চিংড়ি মাছ ধরার জন্য ব্যবহার করা যাবে না।এ ছাড়া বঙ্গোপসাগরে মাছ শিকারের জন্য যাঁরা ট্রলার ব্যবহার করছেন না, তাঁদের লাইসেন্স বাতিল করা হবে। এ জন্য তাঁদের সময় বেেঁধ দিয়ে নোটিশ দেওয়া হবে।গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে বঙ্গোপসাগরের বিশেষ অর্থনৈতিক জোনে সহজ, টেকসই ও সহনীয় পর্যায়ে মৎস্য সম্পদ আহরণে ট্রলারের সংখ্যা বাড়ানোর এ-সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ কথা জানিয়ে বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় উত্থাপিত এই প্রস্তাব মন্ত্রিসভায় বিশদ আলোচনার পর তা অনুমোদন করা এবং প্রস্তাবটি বাস্তবায়নে কয়েকটি দিকনির্দেশনা দেওয়া হয়েছে।মন্ত্রিপরিষদ সচিব বলেন, বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ আহরণের ক্ষেত্রে তিনটি স্তর রয়েছে। এগুলো হচ্ছে উপকূল থেকে ৪০ মিটার, ৪০ মিটার থেকে ২০০ মিটার এবং ২০০ মিটারের পর থেকেই বিশেষ অর্থনৈতিক জোন। বর্তমানে বঙ্গোপসাগরের উপকূল থেকে ৪০ মিটার এলাকায় ইঞ্জিনচালিত ও ইঞ্জিনবিহীন ৪৩ হাজার ট্রলার মৎস্য সম্পদ আহরণ করছে, আর অবশিষ্ট দুই স্তরে ৩২ হাজার ৪০০ বর্গকিলোমিটার জুড়ে চলছে ২৯৯টি ট্রলার।শেষ দুই স্তরে যে ২৯৯টি ট্রলার চলাচল করছে, সেগুলোর কয়েকটি সরকার অনুমোদিত এবং অপরগুলো চলছে হাইকোর্টের নির্দেশে।এ প্রসঙ্গে সচিব বলেন, ২০১০-১১ অর্থবছরে বঙ্গোপসাগর থেকে পাঁচ লাখ ৪৬ হাজার ৩৩৩ মেট্রিক টন মৎস্য সম্পদ আহরণ করা হয়েছে, এর ৯১ শতাংশ ধরা হয়েছে ছোট নৌকা দিয়ে। তিনি আরও বলেন, বৈঠকে দ্বিতীয় ও তৃতীয় স্তরে ট্রলারের সংখ্যা বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করা হয়। তিনি বলেন, বর্তমান নীতির দুর্বল দিকগুলো দূর করে বঙ্গোপসাগরে মৎস্য আহরণে সময়োপযোগী একটি নীতি প্রণয়নের জন্য মন্ত্রিসভা সংশ্ল্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে।মন্ত্রিপরিষদ সচিব বলেন, গত ২৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের দ্বিতীয় ইউনিভার্সাল পিরিওডিক রিভিউয়ে (ইউপিআর) পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণ সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়। এ ছাড়া গত ১ থেকে ২ এপ্রিল ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত মানব পাচার, অবৈধ অভিবাসন, উদ্বাস্তু ও আন্তর্দেশীয় অপরাধ বন্ধে পঞ্চম মন্ত্রী পর্যায়ের বালি প্রসেস বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণ এবং ২৯ এপ্রিল লন্ডনে অনুষ্ঠিত কমনওয়েলথ মিনিস্ট্রিয়াল অ্যাকশন গ্রুপের (সিএমএজি) ৩৯তম সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণ সম্পর্কে অবহিত করা হয়। গত ১৮ জুন বাংলাদেশ প্রতিনিধিদলের কুয়েত সফর এবং ১৯ থেকে ২২ জুন সৌদি আরব সফর সম্পর্কেও মন্ত্রিসভাকে অবহিত করা হয়।