মৎস্য কর্মকর্তাকে মারধর করার অভিযোগ
নাটোরের সিংড়া উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অদ্বৈত চন্দ্র দাসকে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা মৎস্য কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই কর্মকর্তা থানায় মামলা করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শরিফুলসহ কয়েকজন গতকাল দুপুর সাড়ে ১২টায় ওই কর্মকর্তার কার্যালয়ে যান। এ সময় শরিফুল ওই কর্মকর্তার কাছে উপজেলার শহরবাড়ি গ্রামের ইয়ারত আলীর নামে একটি মৎস্যজীবী প্রত্যয়নপত্র দেওয়ার দাবি জানান। মৎস্যজীবী না হওয়ায় ওই কর্মকর্তা ইয়ারতকে প্রত্যয়নপত্র দিতে রাজি হননি। এতে ক্ষিপ্ত হয়ে তিনি টেবিলে থাকা টেলিফোন সেটের রিসিভার দিয়ে ওই কর্মকর্তার মুখে ও মাথায় আঘাত করেন। খবর পেয়ে পুলিশ ছুটে এলে শরিফুলসহ অন্যরা ওই কার্যালয় ছেড়ে চলে যান।
সিংড়া থানার ওসি গোলাম হায়দার ফায়জুর রহমান জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
যুবলীগ নেতা শরিফুল ইসলাম বলেন, ‘মৎস্য কর্মকর্তা প্রত্যয়নপত্র দেওয়ার জন্য টাকা দাবি করেছিলেন। তাই তাঁকে গালিগালাজ করেছি।’ তবে মৎস্য কর্মকর্তা অদ্বৈত চন্দ্র দাস টাকা দাবি করার অভিযোগ অস্বীকার করে জানান, আবেদনকারী মৎস্যজীবী নন। তাই তাঁকে প্রত্যয়নপত্র দেওয়া সম্ভব হয়নি।