মৎস্য ক্যাডারে প্রাণিবিদ্যার অন্তর্ভুক্তির প্রতিবাদে আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিএস মৎস্য ক্যাডারে প্রাণিবিদ্যার গ্র্যাজুয়েটদের অন্তর্ভুক্তির প্রতিবাদে আন্দোলন অব্যাহত রেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের শিক্ষার্থীরা। গতকাল সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ চত্বরে ফিশারিজ সমিতির ব্যানারে কালো ব্যাজ ধারণ ও অবস্থান ধর্মঘট পালন করা হয়।
ঘণ্টাব্যাপী এ অবস্থান ধর্মঘটে ফিশারিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাসকিন পারভেজের সঞ্চালনায় বক্তব্য দেন ফিশারিজ সমিতির সাধারণ সম্পাদক কাজী আবু মাসুম, ফিশারিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী নাসিরুদ্দিন বাবলা, নাজমুল হক, মোস্তাফিজুর রহমান, আবদুল্লাহ আল মাসুদ প্রমুখ।
শিক্ষার্থীরা বলেন, ফিশারিজ বিভাগ থেকে ছয় থেকে সাত বছর পড়ালেখা করে যে জ্ঞান অর্জন করা হয়, অন্য বিভাগে পড়ে তা সম্ভব নয়। তাই এ ক্যাটাগরিতে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীদের নেওয়া হলে দেশের মৎস্য খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি যোগ্যরা তাঁদের অধিকার থেকে বঞ্চিত হবেন।
ধর্মঘটে বক্তারা ৩৭তম বিসিএস পরীক্ষার আগে নতুন অধ্যাদেশ জারির মাধ্যমে আগের আইন বহাল রাখার জোর দাবি জানান। পিএসসির এ সিদ্ধান্ত বাতিলের দাবিতে ৬ মার্চ মানববন্ধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, গত ২৯ ফেব্রুয়ারি মৎস্য ক্যাডারের উপসহকারী পরিচালক পদে ৬৪টি শূন্য পদের বিপরীতে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্মকমিশন। পদটিতে প্রথমবারের মতো মৎস্য গ্র্যাজুয়েটদের পাশাপাশি প্রাণিবিদ্যার গ্র্যাজুয়েটদের অন্তর্ভুক্ত করা হয়েছে।