মৎস্য ক্যাডারে প্রাণিবিদ্যার প্রার্থীদের সুযোগ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন
৩৭তম বিসিএস বিজ্ঞাপনে মৎস্য ক্যাডারে উপসহকারী পরিচালক পদে প্রাণিবিদ্যার স্নাতকোত্তর ডিগ্রিধারীদের প্রার্থী হিসেবে অংশগ্রহণে সুযোগ দেওয়ার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি বিভাগের উদ্যোগে ক্যাম্পাসের হাদী চত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে পুনঃ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি সংশোধনের আহ্বান জানান। এতে বক্তারা বলেন, মাৎস্যবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা ছয়-সাত বছর এ বিষয়ে পড়াশোনা, থিসিস ও গবেষণা করে থাকেন। অন্যদিকে প্রাণিবিদ্যার স্নাতকোত্তর ডিগ্রিধারীরা মৎস্য বিষয়ে সাধারণ কিছু ধারণা পেয়ে থাকেন। এতে করে মৎস্য ক্যাডারে উপসহকারী পরিচালক পদে তাঁদের নিয়োগ দিলে মৎস্য খাত মেধাশূন্য হওয়ার উপক্রম হবে এবং যোগ্য প্রার্থীরা অধিকারবঞ্চিত হবেন।
তাঁরা বলেন, বর্তমানে মৎস্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বের চতুর্থ স্থানে এবং এই খাত থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। তাই এ খাতে অভিজ্ঞ মাৎস্যবিজ্ঞানী ছাড়া উন্নয়ন সম্ভব নয়।
মানববন্ধনে বক্তব্য দেন জীববিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক নাজমুল আহসান, সংশ্লিষ্ট বিভাগের প্রধান অধ্যাপক আইয়াজ হাসান চিশতী, অধ্যাপক শেখ তারেক আরাফাত ও শিক্ষার্থীদের মধ্য থেকে ওমর ফারুক, আবু সাইদ, সাদমান জামান খান এবং জাকির হোসেন বক্তব্য দেন। এ সময় সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।