মৎস্য খাত রক্ষায় নজরদারি বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
বিভিন্ন প্রজাতির মিঠা পানির মাছ চাষ ও সংরক্ষণ এবং দেশের গুরুত্বপূর্ণ এই মৎস্য খাতের ক্ষতি প্রতিরোধে কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি বিষয়টি নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে বলেছেন তিনি।
জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ পালন উপলক্ষে বঙ্গভবনের দরবার হলে গতকাল সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে এই আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘আজকাল সংবাদপত্রের পাতায় প্রায়ই মৎস্যখাদ্য উৎপাদনে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করার খবর দেখা যায়। অধিক মুনাফার লোভে কেউ যেন এই সম্ভাবনাময় খাতের ক্ষতি করতে না পারে, সে জন্য অবশ্যই কঠোর নজরদারি চালাতে হবে।’
মাছের উৎপাদন এবং জলাশয়ের যথাযথ ব্যবস্থাপনা বাড়াতে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা, মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ী এবং বিশেষজ্ঞদের সম্মিলিত প্রচেষ্টা চালানোর ওপরও গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। মৎস্য উৎপাদন ও সংরক্ষণসংক্রান্ত বিভিন্ন আইনের যথাযথ প্রয়োগ এবং এসব আইন সম্পর্কে জনগণকে সচেতন করে তোলারও পরামর্শ দেন তিনি।