মৎস্য খাতকে বিদেশি মুদ্রা আয়ের প্রধান উৎস করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে দেশের প্রধান বৈদেশিক মুদ্রা আয়ের উৎস হিসেবে গড়ে তোলার জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় পরিদর্শনকালে কর্মকর্তাদের উদ্দেশে ভাষণে এ আহ্বান জানান। খবর বাসসের৷
প্রধানমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদকে প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনের খাতে পরিণত করার পাশাপাশি স্থানীয় খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণের ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘আমাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যেই মৎস্য ও প্রাণিসম্পদের ব্যবহার ও এ খাতের উন্নয়নে ব্যাপক গবেষণা চালাতে হবে।’ বিশাল সমুদ্র এলাকার সম্পদের উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের এই বিশাল মৎস্যসম্পদকে প্রক্রিয়াকরণের মাধ্যমে বাজারজাত ও রপ্তািনর উপায় খুঁজে বের করতে হবে।’
বৈদেশিক মুদ্রা অর্জনের সবচেয়ে বেশি সুযোগ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের রয়েছে উল্লে­খ করে শেখ হাসিনা বলেন, চিংড়ি, পাট, পাটজাত পণ্য ও সবজি রপ্তানি করে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করছে ঠিকই, তবে দেশে রপ্তািনযোগ্য আরও যেসব পণ্য রয়েছে, সেদিকে মন্ত্রণালয়কে নজর দিতে হবে। তিনি উদাহরণ টেনে বলেন, ‘সৌদি আরব ব্রাজিল থেকে হালাল মাংস আমদানি করে থাকে। আমাদেরও এ দিকটি ভাবতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে প্রক্রিয়াজাত মাংসসহ বিভিন্ন পণ্য রপ্তািনর উদ্যোগ নিতে হবে।’