মৎস্য খাতের উন্নয়নে ২ হাজার ৬৪০ কোটি টাকার প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মৎস্য খাতের উন্নয়নে প্রায় ২ হাজার ৬৪০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। গতকাল শনিবার দুপুরে খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দুই দিনব্যাপী জেলা মৎস্য কর্মকর্তা সম্মেলন-২০১৭-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
জলবায়ু পরিবর্তনজনিত আর্থসামাজিক অবস্থার পরিবর্তিত পরিস্থিতিতে করণীয় নির্ধারণে জেলা মৎস্য কর্মকর্তাদের ওই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ‘আমাদের একটিই লক্ষ্য আর তা হলো, মাছের উৎপাদন বৃদ্ধি করা। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মাছ চাষের প্রচুর সম্ভাবনা রয়েছে। বিলুপ্তপ্রায় দেশি প্রজাতির মাছগুলো আমরা ফিরিয়ে আনার চেষ্টা করছি।’ মাছের পোনা উৎপাদন ও বাজারজাতকরণ পর্যন্ত চাষিদের সহযোগিতা করার জন্য তিনি মৎস্য কর্মকর্তাদের অনুরোধ করেন। তিনি আরও বলেন, এ অঞ্চলে দারিদ্র্যের হার বেশি। মাছ চাষ, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন করে দারিদ্র্যের হার কমানো সম্ভব।
খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক রণজিৎ কুমার পালের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিত্যরঞ্জন বিশ্বাস, উপপরিচালক প্রফুল্ল কুমার সরকার এবং
খুলনা জেলা মৎস্য কর্মকর্তা মো. শামীম হায়দার। খুলনা বিভাগীয় মৎস্য কার্যালয় অনুষ্ঠানের আয়োজন করে।
সম্মেলনে ১০ জেলার জেলা মৎস্য কর্মকর্তারা নিজ নিজ প্রবন্ধ উপস্থাপন করেন। সম্মেলনে ১০ জেলার জেলা মৎস্য কর্মকর্তা, প্রকল্প পরিচালক, জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তারা অংশ নেন।