মৎস্য খামার দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে আহত ১১
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুরের বিরোধপূর্ণ এলাকায় মৎস্য আহরণকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছোড়া গুলি ১১ জনের শরীরে বিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। গত শুক্রবার গভীর রাতে বিছমিল্লাহ মৎস্য খামার এলাকায় গুলিবিদ্ধের এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সাধীন রয়েছে।বিছমিল্লাহ মৎস্য খামারের লোকজনের অভিযোগ, একই এলাকার আফতার আলী ও শের আলীর নেতৃত্বে আগ্নেয়াস্ত্রধারী একদল সন্ত্রাসী মৎস্য খামার দখলের উদ্দেশে অতর্কিত গুলি চালিয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ইলাশপুর গ্রামের সিরাজুল ইসলাম সাজুল ও তাঁর পক্ষের লোকজন দীর্ঘদিন ধরে ইলাশপুর সেতুসংলগ্ন এলাকায় পোনা অবমুক্ত ও মৎস্য আহরণ করে আসছিল। সমপ্রতি একই গ্রামের আফতার আলী খামারের অভ্যন্তরে খরিদা সূত্রে ভূমির মালিকানা দাবি করলে উভয় পক্ষের লোকজনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।গত শুক্রবার সিরাজুল ইসলাম সাজুলের পক্ষের লোকজন মৎস্য আহরণের প্রস্তুতি নিলে খবর পেয়ে আফতার আলীর পক্ষের লোকজন মৎস্য আহরণে বাধা দেয়। সিরাজুল ইসলামের পক্ষের লোকজন নিষেধ অমান্য করে মৎস্য আহরণের চেষ্টা করলে প্রতিপক্ষের লোকজন গুলি ছোড়ে। এতে আহত হন (৩৫), দিলু মিয়া (৪০), কাবুল মিয়া (৪২), পাশা ( ২৫), জিলু (২৬), মঞ্জু (১৯), ফজির আলী (৪৫), কয়েস (২৫), বাহার উদ্দিন (৩৬), জসিম উদ্দিন (২১) ও ইরা মিয়া (৫১)। তাঁরা সবাই সিরাজুল ইসলাম সাজুলের পক্ষের লোক। এ বিষয়ে আহমেদ জিলু বাদী হয়ে থানায় মামলা করেছেন।