মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তাকে বদলি
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফা বেগমকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। ১৬ নভেম্বর তাঁকে এই বদলির আদেশ দেওয়া হয়।
প্রায় পাঁচ বছর ধরে বন্ধ থাকা গবেষণাগারের জন্য অর্থ বরাদ্দ ও কেন্দ্রের গবেষণা কর্মকর্তা (ইনচার্জ) নিলুফা বেগমের নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে ১৫ নভেম্বর প্রথম আলোয় ‘বন্ধ গবেষণাগারের জন্য অর্থ বরাদ্দ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
গবেষণা কেন্দ্রের একটি সূত্র জানায়, বিষয়টি নিয়ে স্থানীয় লোকজন নিলুফার বিরুদ্ধে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ করলে ৭ নভেম্বর প্রধান কার্যালয় থেকে এর তদন্ত হয়। তদন্তের পর গত রোববার তাঁকে সান্তাহার থেকে খুলনার পাইকগাছা মৎস্য গবেষণা ইনস্টিটিউটে বদলি করা হয়েছে। ইতিমধ্যে ডেভিট রেন্টু দাস নামের একজন বৈজ্ঞানিক কর্মকর্তা তাঁর স্থলে যোগদান করেছেন।
মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. জাহের বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।