মৎস্য চাষে গুণগত পরিবর্তন এসেছে, বেড়েছে উৎপাদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে মৎস্য চাষে গুণগত পরিবর্তন এসেছে। আর এ কারণে গত বছরের তুলনায় এ বছর বরিশালে মাছের উৎপাদন বেড়েছে। জেলায় চাহিদার তুলনায় ৩৮ হাজার ৫১৩ মেট্রিক টন মাছ বেশি উৎপাদন হয়েছে।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বরিশালে গতকাল বুধবার আয়োজিত আলোচনা সভায় এ দাবি করা হয়। এ ছাড়া ঝালকাঠি, খুলনা ও বরগুনার আমতলী উপজেলায় শোভাযাত্রা ও আলোচনা সভা হয়।

বরিশালে গতকাল বেলা সাড়ে ১১টায় সার্কিট হাউস চত্বর থেকে শোভাযাত্রা শেষে অশ্বিনীকুমার হলে আলোচনা সভার আয়োজন করে জেলা মৎস্য বিভাগ। মৎস্য সপ্তাহের এবারের স্লোগান, ‘মাছ চাষে গড়ব দেশ, বদলে যাবে বাংলাদেশ’। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর আসনের সাংসদ জেবুন্নেছা আফরোজ। অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশের বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) শেখ মো. মারুফ হাসান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নূরুল আলম, জেলা মৎস্য কর্মকর্তা তপন কুমার পাল প্রমুখ।

বক্তারা বলেন, দেশে মাছের চাহিদা পূরণের জন্য সরকারি উদ্যোগের সঙ্গে সাধারণ মানুষের সহযোগিতাও বৃদ্ধি পেয়েছে। প্রজননকালে ইলিশ শিকার বন্ধে উদ্যোগ নেওয়ায় এবং এই সময় জেলেদের জন্য চাল ও হাঁস-মুরগি বিতরণ করা হয়েছে। জেলেরা ইলিশ শিকার বন্ধ রেখেছেন। এ ছাড়া মৎস্য হ্যাচারি আইন এবং মৎস্য খাদ্য আইন-২০১০ বাস্তবায়িত হওয়ায় এর সুবিধা পাচ্ছেন চাষি এবং ভোক্তারা। বরিশাল জেলায় গত অর্থবছরে মাছের চাহিদা ছিল ৫৩ হাজার ১২৪ দশমিক ০৬ মেট্রিক টন। উৎপাদন হয় ৯১ হাজার ৬৩৭ দশমিক ২৩ মেট্রিক টন। এর মধ্যে ইলিশ মাছ উৎপাদন হয়েছে ৪০ হাজার মেট্রিক টন।

এদিকে গতকাল সকাল ১০টার দিকে বরগুনার আমতলী উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ওই চত্বরে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা ও পুরস্কার বিতরণ সভা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমারের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুশফিকুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. তোফাজ্জেল হোসেন প্রমুখ। পরে সফল মৎস্যচাষি জব্বার আকন, শহিদুল ইসলাম, জসিম সরদার, জলিল হাওলাদার ও বশির হাওলাদারকে ক্রেস্ট দেওয়া হয়।

এদিকে গতকাল সকাল ১০টায় ঝালকাঠি কালেক্টরেট চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। এ ছাড়া খুলনার শহীদ হাদিস পার্কের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।

এদিকে ফরিদপুর ও রাজবাড়ীতেও শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।

{প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন বরিশাল, খুলনা ও ফরিদপুর অফিস এবং রাজবাড়ী, বরগুনা ও ঝালকাঠি প্রতিনিধি}