মৎস্য সপ্তাহের অনুষ্ঠানে ছাত্রলীগের হামলা
রাজশাহীর তানোরে গতকাল শনিবার জাতীয় মৎস্য সপ্তাহের অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা অনুষ্ঠানে হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর জের ধরে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গতকাল সকালে তানোর উপজেলা মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানের শুরুতে উপজেলা মৎস্য কর্মকর্তা খালিদুজ্জামান বক্তব্য দিচ্ছিলেন। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসানুল কবির এসে তাঁর মাইক্রোফোন কেড়ে নেন এবং এর তার ছিঁড়ে ফেলেন। তিনি আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের দাওয়াত না দেওয়ার কৈফিয়ত চান।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল বাসেতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এমরান আলী মোল্লা। এ বিষয়ে ইউএনও বলেন, স্থানীয় সাংসদ থেকে শুরু করে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে দাওয়াত দেওয়া হয়েছিল। কিন্তু সাংসদ আসতে অপারগতা প্রকাশ করেন। তবে ছাত্রলীগের নেতা হাসানুল কবির তাঁর কথায় কান না দিয়ে মৎস্য কর্মকর্তাকে গালাগাল শুরু করেন। একপর্যায়ে তিনি তাঁকে মারতে উদ্যত হলে উপস্থিত মৎস্যজীবীরা উত্তেজিত হয়ে ওঠেন। এ সময় হাসানুলকে আটক করে থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দেন ইউএনও। কিন্তু আটকের আধা ঘণ্টা পরই তাঁকে ছেড়ে দেওয়া হয়।এ ঘটনার জের ধরে বিকেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা শীতলীপাড়া এলাকায় মৎস্যজীবীদের ওপর হামলা চালান। এ নিয়ে দুই পক্ষের মারামারিতে পাঁচজন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে মৎস্যজীবী বাবু (৩০), হাফিজ (৩২) ও সবুরকে (৩৫) তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।হাসানুল কবির বলেন, চিঠি ও অনুষ্ঠানের ব্যানারে তাঁদের কোনো নেতার নাম নেই। এ ব্যাপারে তিনি মৎস্য কর্মকর্তাকে প্রশ্ন করেছিলেন। নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে মাইক্রোফোনের তার ছিঁড়তে পারে। তাঁরা কারও ওপর হামলা চালাননি বরং তাঁর লোকজনের ওপরই হামলা হয়েছে।তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম বলেন, ইউএনও ছাত্রলীগের নেতাকে আটক করতে বলেছিলেন। কিন্তু লিখিত অভিযোগ না পেলে তিনি তাঁকে আটকে রাখতে পারেন না। মারামারির ঘটনায় মামলা হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।