
সম্প্রতি চীনের কাছ থেকে দুটি সাবমেরিন কিনেছে বাংলাদেশ। এ খবর সমুদ্রে বসবাসরত মৎস্য সমাজের মধ্যে সৃষ্টি করেছে ব্যাপক আলোড়ন। অনেকেই প্রকাশ করেছেন তীব্র নিন্দা। বঙ্গোপসাগরে বসবাসরত মৎস্য সমাজের প্রতিনিধিরা বলেন, সমুদ্রের পরিবেশ ঠিক রাখার দায়িত্ব তাঁদেরই। অথচ সেই পানির মধ্য দিয়ে দৈত্যের মতো একটা যন্ত্র চলাচল করবে কিন্তু তাঁরা এর কিছুই জানেন না। এ কারণে তীব্র নিন্দাও জ্ঞাপন করেছেন তাঁরা।
অন্যদিকে মৎস্য সমাজের বিশিষ্ট প্রকৌশলী মিস তেলাপিয়া চীনা পণ্যের গুণগত মানের প্রসঙ্গ টেনে বলেন, ‘সরকার কীভাবে এত বড় একটা ভুল করল? চীনা জিনিসের কোনো গ্যারান্টি আছে? এখন যদি এই সাবমেরিন ওয়াটারপ্রুফ না হয়, তখন?’ নিজের আইফোনটি দেখিয়ে তিনি হতাশ কণ্ঠে বলেন, ‘অ্যাপলের একটা আইফোনের মতো একটা ওয়াটারপ্রুফ সাবমেরিন কিনলে কী এমন ক্ষতি হতো?’
এদিকে নিজেদের গোপনীয়তার কথা উল্লেখ করে নারী মাছ সমিতির প্রধান ইলিশা বেগম বলেন, ‘আমরা মেয়ে মাছেরা সমুদ্রে এত দিন স্বাধীনভাবে ঘোরাফেরা করতাম। এখন আর তা সম্ভব হবে না। কেননা সমুদ্রে যখন সাবমেরিন চলতে থাকবে, তখন সাবমেরিনের ভেতরে থাকা অনেকেই ছবি বা সেলফি তুলবে। দেখা যাবে, সেসব ছবিতে সমুদ্রে স্বাধীনভাবে ঘুরে বেড়ানো মেয়ে মাছদের ছবিও চলে আসবে। ইন্টারনেটের এই যুগে কার ছবি কে কোথায়, কীভাবে ব্যবহার করবে, তার কোনো ঠিক আছে!’
কেবল নিরাপত্তাই নয়, পরিবেশ ও শব্দদূষণের আশঙ্কাও করছেন বিশেষজ্ঞরা। জামালপুরের সরিষাবাড়ীর একটি কুয়ায় বসে সমুদ্রের পানি নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন বিশিষ্ট পরিবেশবিদ ব্যাঙ কোলা মিয়া। তাঁর কাছে এ বিষয়ে জানতে চাইলে রস+আলোকে বলেন, ‘সমুদ্রে সাবমেরিন নামার ফলে সামুদ্রিক পরিবেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।’ উচ্চ শব্দে হর্ন বাজানোর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সাবমেরিনের হর্নের শব্দ সমুদ্রের কোমলমতি মাছদের স্বাভাবিক জীবনযাপনে ব্যাঘাত ঘটাবে। ফলে ব্যাহত হবে তাদের বেড়ে ওঠা।’
এ বিষয়ে বসে নেই বুড়িগঙ্গা নদীর দেশীয় সচেতন মৎস্য সমাজ। গতকাল শনিবার সকালে প্রতিবাদসভা ও মৎস্যবন্ধনের আয়োজন করে তারা। এ ছাড়া বুড়িগঙ্গার উত্তর অংশের ‘ফিশ সোসাইটি’ আয়োজন করে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে একক সংগীত পরিবেশন করেন পুকুর ও নদী কাঁপানো বিখ্যাত কোকিলকণ্ঠী শিল্পী বাতাসী বানু। সাবমেরিন ইস্যু নিয়ে গীতিকার টাকিউল ব্যাপারীর লেখা, ‘বন্ধু যখন সাবমেরিন লইয়া আমার বাড়ির সামনে দিয়া ঢেউ খেলাইয়া চইল্লা যায়, ফাইট্টা যায়, বুকটা ফাইট্টা যায়...’ গানটি পরিবেশন করেন তিনি।
তবে গতকাল সারা দিন অনেক চেষ্টা করার পরও সাবমেরিন-সংশ্লিষ্ট কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি। বরাবরই তাঁদের মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।