মৎস্য সম্পদ আহরণে ২৫টি লাইসেন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৎস্য সম্পদ আহরণের জন্য ২৫টি লাইসেন্স দেওয়া হবে। এর মধ্যে ১৫টি মিড ওয়াটার ও ১০টি লং লাইনার লাইসেন্স। বর্তমানে ২৯৯ জনকে এ লাইসেন্স দেওয়া আছে।

আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদের সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, এ ব্যাপারে নির্দিষ্ট নীতিমালা রয়েছে। তবে সামুদ্রিক মৎস্য আহরণের বিষয়ে একটি বিস্তারিত নীতিমালা তৈরি করতে হবে। লাইসেন্সধারীদের কেউ যদি নীতিমালা ভঙ্গ করে থাকে, তাহলে তাদের লাইসেন্স বাতিল করা হবে।

এ ছাড়া আজকের সভায় সাতটি অ্যাজেন্ডার মধ্যে ছয়টি ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত অবহিতকরণ। পররাষ্ট্রমন্ত্রীর কুয়েত, সৌদি আরব ও লন্ডন সফর সম্পর্কে অবহিত করা হয়েছে।

একই সঙ্গে গত ২৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে অনুষ্ঠিত বাংলাদেশের দ্বিতীয় ইউপিআর (ইউনিভার্সেল পিরিঅডিক রিভিও) বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের অংশ গ্রহণ সম্পর্কেও আজ মন্ত্রিসভাকে অবহিত করা হয়।

মন্ত্রিপরিষদের সচিব জানান, ওই সভায় বাংলাদেশ বিষয়ে ১৯৬টি সুপারিশ আসে। এর মধ্যে তাত্ক্ষণিকভাবে ১৬৪টি গ্রহণ করা হয়। সুপারিশের মধ্যে মৃত্যুদণ্ড বিধান বিলুপ্ত করার কথা বলা হলেও তা বাতিল করা হয়। ৯৭টি দেশ এ আলোচনায় অংশ নেয়।