মৎস্য সুরক্ষা আইন ২০০২ সংশোধনের দাবি ও মনোফিলামেন্ট জালকে কারেন্ট জাল হিসেবে চিহ্নিত না করার দাবিতে গতকাল রোববার মুন্সিগঞ্জে মানববন্ধন হয়েছে। জাল তৈরির কারখানার মালিক ও শ্রমিকেরা এ কর্মসূচি পালন করেন।
জাল তৈরির কারখানার মালিক ও শ্রমিক সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জে ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর ওপর গতকাল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মানববন্ধন হয়। এতে কয়েক শ নারী-পুরুষ অংশ নেন। এ সময় বক্তারা মৎস্য সুরক্ষা আইন-২০০২ আইনকে কালো আইন আখ্যায়িত করে তা সংশোধনের দাবি জানান। মনোফিলামেন্ট জালকে কারেন্ট জাল মনে করে মৎস্য কর্মকর্তাদের অভিযান চালিয়ে কারখানা বন্ধ করে দেওয়ারও প্রতিবাদ জানান তাঁরা। এ জন্য তাঁরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন।
মানববন্ধনে অংশ নেন মৎস্য উপকরণ প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি ও পঞ্চসার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপদেষ্টা আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক নিয়াজ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া, কারখানার মালিক গিয়াসউদ্দিন প্রমুখ। মানববন্ধন শেষে তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।
এ ব্যাপারে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা শাহজাদা খসরু প্রথম আলোকে জানান, মুন্সিগঞ্জের মুক্তারপুরের কারেন্ট জাল তৈরির কারখানার মালিক সমিতি উচ্চ আদালতে রিট আবেদন করে এত দিন মৎস্য সুরক্ষা আইন-২০০২-এর কার্যক্রম বন্ধ করে রেখেছিল। সরকার সর্বশেষ সুপ্রিম কোর্ট থেকে আইনটি কার্যকরের পক্ষে রায় পায়। এরপর থেকে মন্ত্রণালয়ের আদেশে অবৈধ কারেন্ট জাল তৈরির কারখানার বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। ইতিমধ্যে আটটি কারখানা সিলগালা ও ছয়টি কারখানাকে জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, মনোফিলামেন্ট আর কারেন্ট জাল একই সুতায় তৈরি একই জাল। এটাকে তাঁরা (কারখানার মালিক ও শ্রমিক) ভিন্ন জাল বলে সুবিধা নিতে চাইছেন। দেশের মৎস্য সুরক্ষার কথা ভেবেই সরকার এই মুহূর্তে আইনটি কার্যকর করতে চাইছে।
সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন ও রামপাল ইউনিয়নে জাল তৈরির অন্তত সাত শ ছোট-বড় কারখানা রয়েছে।