মৎস্যঘেরে পানি ঢোকানোর জন্য কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের সিরাদিয়া এলাকায় বেড়িবাঁধ কাটা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ২০১৬ সালের জুন-জুলাই মাসের বন্যায় পেকুয়া সদর ইউনিয়নের সিরাদিয়া এলাকার বেড়িবাঁধ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বন্যার পরে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কার করে। কিন্তু কিছু ব্যক্তি মৎস্যঘেরে পানি ঢোকাতে সংস্কার করা বেড়িবাঁধের কিছু অংশ কেটে ফেলেছে।
পেকুয়া সদর ইউনিয়নের সিরাদিয়া ও মইয়াদিয়া গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কাটাফাঁড়ি নদী। এ নদীর পানি থেকে লোকালয় রক্ষা করতে বেড়িবাঁধ নির্মাণ করে পাউবো। সিরাদিয়া এলাকার মৎস্যঘেরে পানি ঢোকানোর জন্য সরকারিভাবে একটি স্লুইস গেটও আছে। গত বুধবার সরেজমিনে দেখা যায়, মৎস্যঘেরের মালিক সিরাদিয়া এলাকার আবদুর রশিদসহ কয়েকজন স্লুইস গেট ব্যবহার না করে বেড়িবাঁধ কেটে লবণাক্ত পানি ঢোকাচ্ছেন। চার দিন ধরে শ্রমিক লাগিয়ে বেড়িবাঁধ কেটে আরসিসি পাইপ বসানো হচ্ছে।
বেড়িবাঁধসংলগ্ন এলাকার বাসিন্দা কামাল হোসেন, মো. দেলোয়ার হোসেন, মো. আনোয়ার, মোবারক আলী, মোহাম্মদ হোসেন, মোশারফ করিম, সাজেদা বেগম ও মো. ইব্রাহিম বলেন, বেড়িবাঁধের কেটে ফেলা অংশ দিয়ে জোয়ারের সময় লবণাক্ত পানি ঢুকছে। পুকুর ও নলকূপে লবণাক্ত পানি প্রবেশ করছে। এ ছাড়া বর্ষা মৌসুমে বেড়িবাঁধের কাটা অংশ দিয়ে নদীর পানি বসতবাড়িতে ঢুকে পড়বে।
তবে একটি মৎস্যঘেরের মালিক আবদুর রশিদ বলেন, ‘সরকারি স্লুইস গেট দিয়ে ঘেরের জন্য পানি নিতে গেলে অনেক টাকা খরচ হয়। এ কারণে আরসিসি পাইপ বসিয়ে পানি ঢোকাতে বেড়িবাঁধ কাটা হয়েছে। এতে কারও ক্ষতি হচ্ছে না। আমরা কাটা বেড়িবাঁধ ভরাট করে দিয়েছি।’
পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাহাদুর শাহ প্রথম আলোকে বলেন, বেড়িবাঁধ কেটে ফেলার খবর পেয়ে মৎস্যঘেরের মালিকদের নিষেধ করা হয়েছিল। কিন্তু তাঁরা শোনেননি। পরে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়।
কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন বলেন, ‘বেড়িবাঁধ কেটে ফেলার বিষয়টি শুনেছি। বিষয়টি সরেজমিনে দেখে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’