কক্সবাজারের চকরিয়ায় চিংড়ি চাষের মৌসুমের শুরুতে সন্ত্রাসীদের তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে আতঙ্ক বিরাজ করছে মৎস্যচাষিদের মধ্যে।
মৎস্যচাষিরা জানান, গত মঙ্গল ও বুধবার ৫১টি চিংড়ি ঘেরে হানা দিয়েছে সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ ‘কোদাইল্যা বাহিনী’। এ সময় সন্ত্রাসীরা ঘেরের কর্মচারীদের হাত-পা বেঁধে রেখে অন্তত ১০ লাখ টাকার মালামাল ও মাছ লুট করেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘কোদাইল্যা বাহিনীর লোকজন ঘের দখল করতে ঘোরাফেরা করছে বলে খবর পেয়েছি। কিন্তু ঘেরে তো এখন মাছ নেই। মৌসুম সবে শুরু হয়েছে। মালামাল নিয়ে গেছে কিনা জানি না। এ বিষয়ে কেউ থানায় লিখিত অভিযোগ দেননি।’ ওসি বলেন, ‘আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি, যাতে চাষিরা নির্বিঘ্নে মাছ চাষ করতে পারে সে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে চিংড়ি জোনে অভিযান জোরদার করা হয়েছে।’
চিংড়ি ঘের মালিকেরা জানান, চকরিয়ার চিংড়ি জোন খ্যাত রামপুর মৌজায় ১০ একরের ৪৬৭ টি ও ১১ একরের ১১৯ টি চিংড়ি ঘের রয়েছে। গত মঙ্গলবার রাতে কোদাইল্যা বাহিনীর ৫০-৬০ জন সন্ত্রাসী রামপুর মৌজার ৪০টি চিংড়ি ঘেরে হানা দেয়। এ সময় সন্ত্রাসীরা ঘেরের অন্তত ১০-১২ জন কর্মচারীর হাত-পা বেঁধে ফেলে। এরপর সন্ত্রাসীরা মাছ, জাল ও নানা সরঞ্জামসহ অন্তত আট লক্ষাধিক টাকার মালামাল লুট করে। বুধবার রাতেও সন্ত্রাসীরা আরও ১১ টি চিংড়ি ঘেরে হানা দিয়ে অন্তত দুই লাখ টাকার মালামাল লুট করেছে।
চকরিয়া কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান ও চিংড়ি ঘেরের মালিক সেলিম উল্লাহ প্রথম আলোকে বলেন, সন্ত্রাসীরা মৌসুমের শুরুতে চিংড়ি জোনে লুটপাট চালাচ্ছে। এতে ঘের মালিক ও মৎস্যচাষিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
সেলিম উল্লাহ আরও বলেন, সন্ত্রাসীরা ঘেরের বৈধ মালিকদের ভয় দেখাতে মৌসুমের শুরুতে ৫১ টি চিংড়ি ঘেরে হানা দিয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে অন্য চিংড়ি ঘেরগুলোতেও তারা লুটপাট চালাবে। গত বুধবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় চিংড়ি ঘেরে মালিকদের পক্ষ থেকে সন্ত্রাসীদের হামলা ও লুটপাটের কথা তুলে ধরে নিরাপত্তা চেয়েছি।’
ঘের মালিকদের সংগঠন ১০ ও ৩০ একর চিংড়ি ঘের মালিক ও সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা জানান, সন্ত্রাসী হামলার ঘটনায় তাঁরা উদ্বিগ্ন। এ নিয়ে সমিতির জরুরি সভা ডেকে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।