মৎস্যচাষিরা ঘরে শিক্ষার্থীরা রোদে

দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। সপ্তাহব্যাপী নানা আয়োজনের মধ্যে গতকাল প্রথম দিন নির্ধারিত কর্মসূচি হিসেবে ছিল শোভাযাত্রা। ফলে দেশের অন্যান্য এলাকার মতো লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা মৎস্য দপ্তর আয়োজন করে শোভাযাত্রার।
তবে প্রখর রোদের মধ্যে মৎস্যজীবীদের পরিবর্তে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দিয়ে করানো হয় এই শোভাযাত্রা।
সরেজমিন দেখা যায়, গতকাল দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয় শোভাযাত্রাটি। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অর্ধশতাধিক শিক্ষার্থীও অংশ নেয়। শোভাযাত্রাটি শহরের প্রায় দুই কিলোমিটার সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে এসেই শেষ হয়। এ সময় অনেক খুদে শিক্ষার্থীকে হাঁপাতে দেখা যায়।
শোভাযাত্রায় অংশ নেওয়া হাতীবান্ধা আদর্শ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র শাহ আলম ক্ষোভের সঙ্গে বলে, ‘যাঁরা মূলত মাছ চাষের সঙ্গে জড়িত রোদের ভয়ে তাঁরাই ছিলেন না শোভাযাত্রায়।’
শিক্ষার্থীদের দিয়ে শোভাযাত্রার বিষয়টি জানা নেই বলে উল্লেখ করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৈয়ব আলী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে কোনো অবস্থাতেই শিক্ষার্থীদের দিয়ে কোনোরকম কর্মসূচি পালন করানো যাবে না। তাই রোদে শিক্ষার্থীদের দিয়ে র্যালি করানোটা নিয়মবহির্ভূত।’ খোঁজ নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
হাতীবান্ধা আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এম জি মোস্তাফা শিক্ষার্থীদের দিয়ে শোভাযাত্রার বিষয়টি স্বীকার করে বলেন, ‘মৎস্য সপ্তাহের কথা বলে আমাকে চিঠি দিয়েছিল উপজেলা মৎস্য বিভাগ। তাই কয়েকজন শিক্ষার্থীকে সেখানে পাঠানো হয়েছিল’।
হাতীবান্ধা উপজেলা মৎস্য কর্মকর্তা আংগুরী বেগমের দাবি, ‘র্যালিতে শিক্ষার্থীদের অংশ নেওয়ার নিয়ম আছে’। এর বাইরে আর কিছু বলতে রাজি হননি তিনি।
শোভাযাত্রায় অংশ নেওয়া হাতীবান্ধা উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান বলেন, ‘রোদের মধ্যে শিক্ষার্থীদের দিয়ে শোভাযাত্রা করানো ঠিক হয়নি। তবে ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সে জন্য মৎস্য কর্মকর্তাকে সতর্ক
করা হবে।’