মৎস্যজীবী থেকে শীর্ষ সন্ত্রাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির প্রধান প্রদীপ সরকার ওরফে শৈলেনকে গতকাল বৃহস্পতিবার ভারতের বনগাঁ মহকুমার সহকারী বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় আদালত শৈলেনকে ১৪ দিনের পুলিশি হেফাজতে দেন। এর আগে গত বুধবার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার কুড়িয়াল গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে পুুলিশ। শৈলেন ওই এলাকায় আত্মগোপনে ছিলেন।শৈলেনের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার শলুয়া গ্রামে। তাঁর বাবার নাম প্রেমচাঁদ বিশ্বাস।এলাকাবাসী জানান, ২০০৪ সালে যৌথ বাহিনীর অভিযানে ডুমুরিয়া ছেড়ে নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির প্রধান মৃণাল মণ্ডল ও তাঁর অন্যতম প্রধান সহযোগী শৈলেনসহ অনেকেই বনগাঁয় চলে যান। সেখানে গোষ্ঠীদ্বন্দ্বে একপর্যায়ে মৃণাল নিহত হন। পরে হত্যা, অপহরণ ও চাঁদাবাজির মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি শৈলেন নিজেকে পার্টির প্রধান ঘোষণা দেন। ২০০৯ সালে ডুমুরিয়ার ভুলটিয়া গ্রামের শিশু চয়ন বৈরাগীকে (৬) শৈলেন অপহরণ করেন। ২০১০ সালে বনগাঁয় শৈলেন অন্য একটি হত্যা মামলায় পুলিশের হাতে ধরা পড়েন। পরে কারাগার থেকে বের হয়ে তিনি আবারও সন্ত্রাসী তৎপরতা শুরু করেন। শৈলেন ছোটবেলা থেকেই জীবিকা নির্বাহের জন্য বিল ডাকাতিয়ায় মাছ ধরে প্রতিদিন দৌলতপুর বাজারে বিক্রি করতেন। সেখানে টাইগার খোকন নামের এক সন্ত্রাসীকে প্রতিনিয়ত তাঁকেসহ এলাকার জেলেদের চাঁদা দিতে হতো। ওই ঘটনার প্রতিকার চাইতে গিয়ে শৈলেন দৌলতপুরের একাধিক হত্যা মামলার আসামি গাজী কামরুলের সঙ্গে জড়িয়ে ক্যাডার বনে যান। একে একে দৌলতপুর ও আড়ংঘাটা এলাকার আইয়ুব আলী, মো. ইব্রাহিম, সাখাওয়াৎ হোসেনসহ কয়েকজনকে খুন করে ‘শৈলেন’ একটি আতঙ্কের নামে পরিণত হন। একপর্যায়ে তিনি টাইগার খোকনকেও গুলি করে হত্যা করেন।১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের সাধারণ ক্ষমার সময় পাঁচটি অস্ত্র জমা দিয়ে শৈলেন আত্মসমর্পণ করেন। ’৯৯ সালে কারাগার থেকে ছাড়া পেয়ে তিনি শলুয়া, রংপুর ও আড়ংঘাটা এলাকায় চিংড়িঘের দখল-চাঁদাবাজিতে মেতে ওঠেন। এ ছাড়া খুন, ধর্ষণ, ছিনতাইসহ তাঁর বাহিনী এলাকায় সবকিছুতেই কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। শৈলেনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মসিউর রহমান বলেন, শৈলেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ২৩টি মামলা আছে। ভারত থেকে তাঁকে দেশে আনার চেষ্টা চলছে।